দিলজিৎ দোসাঞ্জের নতুন ছবি ‘সর্দারজি ৩’ ঘিরে চড়ছে বিতর্কের পারদ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নেওয়া নিয়ে আপত্তি তুলেছে AICWA। সংগঠনের দাবি,এই ছবিতে পাকিস্তানি সংস্থার গোপন মদত রয়েছে এবং রাষ্ট্রবিরোধী শক্তির প্রভাব থাকতে পারে।
AICWA-এর মতে, দিলজিৎ দেশের স্বার্থের পরোয়া না করে এই ছবির মাধ্যমে অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন। ফলে তাঁকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। CBFC-কে অনুরোধ করা হয়েছে, যাতে দিলজিতের ভবিষ্যতের কোনও সিনেমা ছাড়পত্র না পায়। একইসঙ্গে সমস্ত প্রোডাকশন হাউস, টিভি চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম ও শিল্পীদের সতর্ক করা হয়েছে, দিলজিতের সঙ্গে কাজ করলে আইনত পদক্ষেপ নেওয়া হবে।
AICWA-র প্রধান দাবিগুলি হল
• দিলজিৎ দোসাঞ্জের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারত থেকে অবিলম্বে সাসপেন্ড করা হোক।
• দিলজিতের সমস্ত গান এবং কন্টেন্ট (YouTube, Spotify, JioSaavn, OTT ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে) সম্পূর্ণরূপে সরানো হোক।
• ভারতে তাঁর পাবলিক অ্যাপিয়ারেন্সে এবং সমস্ত লাইভ কনসার্টে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক।
• কোনও ব্র্যান্ড ক্যাম্পেইন, সরকারি সংস্থা বা পাবলিক সেক্টর ইউনিটে তাঁর অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা লাগু করা হোক।
• ‘সর্দারজি ৩’-এর অর্থ সাহায্য এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে তদন্ত করা হোক এবং সিনেমাটির মুক্তিতে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক।
AICWA সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা চিঠিতে স্পষ্ট জানিয়েছেন,”যখন দেশপ্রেমের পরীক্ষা হবে, তখন শিল্পকে রাষ্ট্রের সামনে নতি স্বীকার করতেই হবে।” এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও।







