প্রায় ২ বছর ধরে হিংসায় দগ্ধ মণিপুর। অবশেষে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ই সেপ্টেম্বর ইম্ফল সফরে যাবেন তিনি। এই সফরের আগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।
সম্প্রতি রাজভবনে রাজ্যপাল অজয়কুমার ভাল্লার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং, স্পিকার থকচোম সত্যব্রত সিং, বিজেপির রাজ্যসভাপতি শারদা দেবী, মুখ্যসচিব পুনিতকুমার গোয়েল, নিরাপত্তা পরামর্শদাতা কুলদীপ সিং, ডিজিপি রাজীব সিং এবং বিজেপির ২৩ জন বিধায়ক। প্রায় ৪০ মিনিট ধরে হওয়া এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দ্রুত নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে মণিপুরে। এরই মধ্যে বৃহস্পতিবার কেন্দ্র ও মণিপুর সরকার কুকি-জো গোষ্ঠীর সঙ্গে একটি নতুন ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী, ২ নম্বর জাতীয় সড়ক অবাধে খুলে দেওয়া হবে, যা মণিপুরের প্রাণরেখা বলে পরিচিত। ২০২৩ সালের মে মাস থেকে কুকি-মেতেই সংঘর্ষে উত্তপ্ত মণিপুরে এই রাস্তা রীতিমতো অচল হয়ে গিয়েছিল।
জাতিগত সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ২৬০ জন। ঘরছাড়া হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। সেই পরিস্থিতিতে এই নতুন চুক্তিকে শান্তি ফেরানোর দিকেই এক বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ও সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার প্রেক্ষিতে মণিপুরবাসীর মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে এবার কি নতুন সরকারই সমাধানের পথ দেখাবে, সেই দিকেই তাকিয়ে গোটা রাজ্য।







