বারুইপুরে ফের রাজনৈতিক হত্যাকাণ্ডের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস (২২) খুন হলেন নৃশংসভাবে। বিজেপির দাবি, গত ৮ আগস্ট রাতে ‘বিজেপি করার অপরাধে’ বাড়িতেই তাঁকে বেধড়ক মারধর করেন তাঁর বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাস—যাঁরা তৃণমূল কর্মী বলে অভিযোগ। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় রাজীবকে, গুরুতর জখম হন তিনি। তবুও হাসপাতালে না নিয়ে রাতভর বাড়িতেই ফেলে রাখা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।
পরদিন ৯ আগস্ট সকালে রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিজেপির বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী অভিযোগ করেন, “এটি পরিকল্পিত রাজনৈতিক খুন। শাসকদলের নেতাকর্মীরাই এর সঙ্গে জড়িত।” অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি।
অন্যদিকে, ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিক জানান, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ।”
বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।







