ভাঙার পুর-নোটিস ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। এবার সেই বিতর্কে সরাসরি পাল্টা সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শুক্রবার কালীঘাটে Mamata Banerjee-র বাসভবনে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরদের জরুরি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বাড়ি ভাঙার পুর-নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তিনি। অভিষেকের স্পষ্ট বক্তব্য, “আগে নির্দিষ্ট করে বলুন কোন অংশটা বেআইনি। স্পেসিফিক বলতে বলুন, তারপর এসব প্রশ্ন করবেন।”
গত কয়েক দিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি ঠিকানা। একটি ভবানীপুরের ১৮৮এ, হরিশ মুখার্জি রোডের বহুতল ‘শান্তিনিকেতন’, যেখানে পরিবার নিয়ে থাকেন তিনি। অন্যটি ১২১ কালীঘাট রোডের বাড়ি, যা সরকারি নথিতে তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে হলেও সেটিকে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সম্পত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কলকাতা পুরসভার পাঠানো জোড়া নোটিস ঘিরেই এখন এই দুই সম্পত্তি নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
পুরসভা সূত্রের দাবি, বালিগঞ্জ ও তিলজলা-সহ অভিষেকের মোট ১৭টি সম্পত্তি বর্তমানে স্ক্যানারে রয়েছে। তার মধ্যেই প্রথম ধাপে ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই দুই বাড়ির দেওয়ালে নোটিস টাঙানো হয়েছে। অভিযোগ, মূল অনুমোদিত নকশার বাইরে গিয়ে সেখানে ‘প্ল্যান-বহির্ভূত’ নির্মাণ করা হয়েছে। নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে, সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট বেআইনি অংশ নিজস্ব উদ্যোগে ভেঙে ফেলতে হবে। তা না হলে পুরসভা নিজেই ভাঙার পদক্ষেপ করবে।
এই ইস্যুতে আগেও সরব হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি মাথা নত করব না।” একইসঙ্গে বিরোধী দলনেতা Suvendu Adhikari-কে আক্রমণ করে অভিষেক দাবি করেন, বাংলার রাজনীতি এমন মানসিকতা আগে দেখেনি।







