রাজ্যের পড়ুয়াদের জন্য বড় স্বস্তির খবর। এবার থেকে ঘণ্টার পর ঘণ্টা হোমওয়ার্কের চাপ নয়, পাশাপাশি কমতে চলেছে ভারী স্কুল ব্যাগের বোঝাও। জাতীয় শিক্ষা নীতির নির্দেশিকা মেনে কেন্দ্রীয় শিক্ষা দফতরের সঙ্গে যৌথভাবে নতুন ‘স্কুল ব্যাগ নীতি’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনও পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তাঁর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। প্রাক-প্রাথমিক স্তরের পড়ুয়াদের কোনও ব্যাগ বহন করতে হবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ব্যাগের সর্বোচ্চ ওজন নির্ধারণ করা হয়েছে ২ কেজি ২০০ গ্রাম। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আড়াই কেজি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ২ থেকে ৩ কেজি, অষ্টম শ্রেণীতে সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত ব্যাগ বহনের অনুমতি দেওয়া হয়েছে। নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগের ওজন সাড়ে ৪ কেজির মধ্যে রাখতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেই সীমা ৫ কেজি।
হোমওয়ার্কের ক্ষেত্রেও বড় বদল আনা হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জন্য সপ্তাহে সর্বাধিক ২ ঘণ্টা হোমওয়ার্কের সীমা বেঁধে দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিনে এক ঘণ্টা এবং নবম-দশম শ্রেণীতে দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া যাবে।
অন্যদিকে, রাজ্যে গরমের ছুটির মেয়াদও বাড়ানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে ৩১ মে পর্যন্ত স্কুলে গরমের ছুটি থাকবে। ১ জুন থেকে পুনরায় খুলবে স্কুল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে প্রায় গোটা মে মাস জুড়েই ছুটি পাচ্ছেন ছাত্রছাত্রীরা। শিক্ষা মহলের একাংশের মতে, অতিরিক্ত গরমের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







