আবারও সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ। মাত্র ৯ দিনের মধ্যে তৃতীয়বার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। শনিবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
নতুন দামে দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯২ টাকা ৪৯ পয়সা। তবে দেশের চার মহানগরের মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে কলকাতা। মহানগরে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১০ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৭ টাকা ২ পয়সা।
মুম্বইয়ে পেট্রলের দাম লিটারপিছু ১০৮ টাকা ৪৯ পয়সা ও ডিজেলের দাম ৯৫ টাকা ২ পয়সা। চেন্নাইয়ে পেট্রল ১০৫ টাকা ৩১ পয়সা এবং ডিজেল ৯৬ টাকা ৯৮ পয়সায় পৌঁছেছে।
গত ১৫ মে প্রথম দফায় এক লাফে লিটারপিছু প্রায় ৩ টাকা দাম বাড়ানো হয়েছিল। এরপর ১৯ মে দ্বিতীয় দফায় প্রায় ৯০ পয়সা বৃদ্ধি হয়। শনিবারের নতুন বৃদ্ধির পর সব মিলিয়ে ৯ দিনের মধ্যে জ্বালানির দাম প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
তেল সংস্থাগুলির দাবি, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে। সেই চাপই ধাপে ধাপে দেশের খুচরো বাজারে পড়ছে। যদিও একবারে বড় বৃদ্ধি না করে ধীরে ধীরে দাম বাড়ানোর পথেই হাঁটছে সংস্থাগুলি।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহণ খরচ, বাজারদর এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর। ব্যবসায়ী মহলেও বাড়ছে উদ্বেগ। বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ বাড়ানো হচ্ছে। তবে কেন্দ্রের দাবি, বিশ্ববাজারের তুলনায় ভারতে এখনও নিয়ন্ত্রিতভাবেই জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে।







