বকরি ইদকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ফের তীব্র বিতর্ক তৈরি হয়েছে কুরবানি ও পশুবলি ইস্যুতে। সম্প্রতি প্রকাশ্যে পশু কুরবানি নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আর সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই মুখোমুখি শাসক ও বিরোধী শিবির।
নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক Humayun Kabir প্রকাশ্যে দাবি করেন, কুরবানি মুসলিম ধর্মাচরণের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর বক্তব্য, “রাজ্যের প্রায় ৩৭ শতাংশ মুসলিম গোমাংসভোজী। যদি কুরবানি বন্ধ করতে হয়, তাহলে সমস্ত কসাইখানাও বন্ধ করা হোক। ধর্মীয় আচারকে এভাবে নিষিদ্ধ করা যায় না।” তাঁর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়।
এর পাল্টা কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যের মন্ত্রী Agnimitra Paul। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলায় থাকতে হলে এখানকার নিয়ম মেনে চলতে হবে। যদি কেউ মনে করেন আইন মানবেন না, তাহলে অন্য কোথাও চলে যেতে পারেন। ভারতে থাকতে হলে ভারতের আইন মানতেই হবে।” তাঁর এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা।
গত ১৩ মে রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে প্রকাশ্যে পশুবলি, অননুমোদিত জায়গায় পশু জবাই এবং রক্তপাত নিয়ন্ত্রণে কড়া নির্দেশিকা জারি করে। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য, ধর্মীয় স্বাধীনতা বজায় রেখেও আইন মেনে চলা বাধ্যতামূলক।
তবে সংখ্যালঘু মহলের একাংশের অভিযোগ, এই নির্দেশ কার্যত ধর্মীয় অধিকারের ওপর হস্তক্ষেপ। তাঁদের দাবি, বকরি ইদের সঙ্গে কুরবানি অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই ধরনের সিদ্ধান্ত ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পালাবদলের পর ধর্মীয় আচরণ ও প্রশাসনিক কড়াকড়ি নিয়ে যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, এই বিতর্ক তারই প্রতিফলন। বকরি ইদের আগে এই ইস্যু আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংঘাতে পরিণত হতে পারে বলেই মনে করা হচ্ছে।







