খেলাধুলা

পাকিস্তান ম্যাচে আবেগ নয়, শুধুই ক্রিকেটে মনোযোগ চাইছেন গুরু গম্ভীর

এশিয়া কাপে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবেগ তুঙ্গে। তবে দলের ভেতরে ছবিটা একেবারেই আলাদা। কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা যতই ঐতিহাসিক হোক না কেন, ক্রিকেটারদের মনোযোগ রাখতে হবে শুধুমাত্র খেলায়। দেশের রাজনৈতিক আবহ ও আবেগকে দূরে সরিয়ে মাঠে নামতে হবে পেশাদারদের মতো।

গম্ভীরের এই অবস্থান সামনে এনেছেন ভারতের ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা জানি আবেগ আছে, কিন্তু সেটাই যেন খেলার ওপর প্রভাব না ফেলে। গৌতি স্পষ্ট করেছে, যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবা নয়, শুধু ম্যাচেই ফোকাস করতে হবে।” তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে আলাদা কোনও কৌশল তৈরি হয়নি, প্রতিযোগিতার নিয়মিত প্রস্তুতিতেই দলের ভরসা।

রাজনৈতিক সম্পর্কের জটিলতার কারণে দীর্ঘ দিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। বিভিন্ন মহলে ম্যাচ বয়কটের দাবি উঠলেও আইসিসি ও এসিসি-র মতো বহুপাক্ষিক প্রতিযোগিতায় ভারতকে খেলতেই হচ্ছে। সেই বাস্তবতা মেনেই পেশাদার মানসিকতা ধরে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। দুশখাতের মতে, “আবেগ থাকবে, কিন্তু খেলাটাই বলবে এই ক্রিকেটাররা দেশের প্রতি কতটা দায়বদ্ধ।”

ভারতীয় শিবির তাই রবিবারের লড়াইকে প্রতিপক্ষের নাম দিয়ে বাড়তি রঙ দিচ্ছে না। বরং একে সাধারণ ম্যাচ হিসেবেই নিতে চাইছে। প্রশ্ন এখন একটাই—গম্ভীরের শিষ্যরা কি মাঠে সেই শীতল মাথার পেশাদারিত্ব দেখাতে পারবে? উত্তর মিলবে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মহারণেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.