রাজ্য

সোনার দাম ফের আকাশছোঁয়া, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

সপ্তাহ কয়েক ধরেই লাগাতার বাড়ছে সোনার দাম। পুজো ও বিয়ের মরশুমের আগে এই ঊর্ধ্বমুখী দাম সাধারণ মধ্যবিত্তদের পরিকল্পনায় বড় ধাক্কা দিচ্ছে। উৎসব ও বিবাহ উপলক্ষে সোনা কেনাকাটার প্রচলিত প্রবণতা থাকলেও হঠাৎ দাম বৃদ্ধিতে অনেকে অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)–এর তথ্য অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ৯৯৯ বিশুদ্ধ সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ₹১,০৭,৭২৮। কিন্তু ১২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ₹১,০৯,৩৫৬। অর্থাৎ মাত্র এক সপ্তাহে বেড়েছে ₹১,৬২৮। অন্যদিকে দেশীয় বাজারে ২২-২৪ ক্যারেট সোনার দামও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ১১ সেপ্টেম্বর যেখানে দাম ছিল ₹১,০৬,৩৩৮, ১২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে তা পৌঁছেছে ₹১,০৯,৭০৭–এ। অর্থাৎ একদিনে প্রতি ১০ গ্রামে ₹৩,৩৬৯ বেড়েছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ₹১,০৯,৭০৭, ২২ ক্যারেট ₹১,০৭,০৭০, ২০ ক্যারেট ₹৯৭,৬৪০, ১৮ ক্যারেট ₹৮৮,৮৬০ এবং ১৪ ক্যারেট সোনা ₹৭০,৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এর সঙ্গে যোগ হচ্ছে ৩% জিএসটি এবং মেকিং চার্জ, ফলে গয়নার দোকানে দাম আরও বাড়ছে।

শুধু সোনা নয়, রূপার দামও ঊর্ধ্বমুখী। ৫ সেপ্টেম্বর যেখানে এক কেজি রূপার দাম ছিল ₹১,২৩,১৭০, সেখানে ১২ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ₹১,২৮,০০৮। অর্থাৎ এক সপ্তাহে রূপোর দাম বেড়েছে ₹৪,৮৩৮।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারের দামের পরিবর্তনের জেরেই সোনার এই লাগাতার উত্থান। ফলে সাধারণ মানুষকে আপাতত আরও কিছুদিন উচ্চমূল্যের সঙ্গেই মানিয়ে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.