এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ শুরুটা ভালো হয়নি মোহনবাগানের। ঘরের মাঠেই তুর্কমেনিস্তানের আহালের কাছে হারের ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন শিবির। এবার সপ্তমীর দিন ইরানের শক্তিশালী ক্লাব সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে জোস মোলিনার দল। কিন্তু মাঠের লড়াইয়ের আগে ভিসা সমস্যায় নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষত চার বিদেশি—জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, টম অলড্রেড ও জেমি ম্যাকলারেনকে পাওয়া নিয়েই দুশ্চিন্তা বাড়ছে।
ইরান সরকারের নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নাগরিকদের ভিসা জটিলতার সম্মুখীন হতে হয়। এর আগে গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তেহরানে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কারণে শেষ পর্যন্ত সেদেশে খেলতে যায়নি মোহনবাগান। তবে এবার এখনো তেমন নিরাপত্তাজনিত বাধা না থাকলেও চার ফুটবলারের ভিসা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। তাঁদের দেশের নিয়ম অনুযায়ী আবেদন করাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বিদেশি শক্তি খোয়ানোর শঙ্কা দেখা দিয়েছে।
মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্য বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনায় বসেছে। সঠিক সমাধান খুঁজে পাওয়া গেলে দলে পূর্ণ শক্তি নিয়ে নামা সম্ভব হবে। নচেৎ মাত্র দুই বিদেশি নিয়ে সেপাহানের মুখোমুখি হতে হবে মোলিনাকে। খাতায়-কলমে প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। তার উপর নিজেদের প্রথম ম্যাচে জর্ডনের আল হুসেইনের কাছে হেরে ঘরের মাঠে জয় পেতে মরিয়া সেপাহান যে আরও আক্রমণাত্মক হয়ে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এর মাঝেই কোচ মোলিনা খেলোয়াড়দের মানসিক চাপ কাটাতে তিন দিনের ছুটি দিয়েছেন। আহালের কাছে হারের পর বুধবার দল করেছে রিকভারি সেশন। শুক্রবার থেকে ফের সেপাহান ম্যাচের প্রস্তুতি শুরু হবে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, চোট সারিয়ে মনবীর সিং ফিরতে পারেন। তবে চার বিদেশিকে না পাওয়া গেলে, ইরান সফরে মোহনবাগানের অঙ্ক আরও কঠিন হয়ে দাঁড়াবে।







