তবে কি ভারতীয় ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কেন্দ্রীয় দলের হাতে? সেরকমই ইঙ্গিত মিলছে সূত্র অনুযায়ী। নিয়ম অনুযায়ী, বোর্ডের অন্দরমহলের ভোটেই নির্বাচিত হন পরবর্তী বোর্ড প্রধান। কিন্তু পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট কে হবেন, সেই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং! শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে অনুষ্ঠিত হবে একটি বৈঠক। সেই বৈঠকে উপস্থিত থাকবেন অমিত শাহ পুত্র তথা আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এই বৈঠকে ঘুরে যেতে পারে সমীকরণ। বর্তমানে সৌরভ গাঙ্গুলির নাম এগিয়ে থাকলেও কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ভারতের হয়ে দু’টো টেস্ট খেলা রঘুরাম ভাটের নাম প্রবলভাবে উঠে আসছে নির্বাচনে।শেষ খবর অনুযায়ী, শেষ ল্যাপের লড়াইয়ে প্রবলভাবে এগিয়ে আছেন রঘুরাম। এছাড়াও হরভজন সিংয়ের নাম থাকলেও বাকি দুজনের তুলনায় তিনি অনেকটাই পিছিয়ে আছেন।
২২ সেপ্টেম্বর বোর্ডের মনোনয়ন জমার শেষ দিন। তার আটচল্লিশ ঘণ্টার মধ্যেই নির্ধারন হয়ে যাবে বোর্ড প্রধানের চূড়ান্ত নাম। এরূপ পরিস্থিতিতে, একটি এই বৈঠক সৃষ্টি করছে জল্পনার। উল্লেখ্য,বছর তিনেক আগে এমনই এক বৈঠকে বোর্ড সভাপতির দৌড় থেকে সৌরভের নাম ছেঁটে ফেলা হয়েছিল। এই বৈঠক কি তাঁকে তাঁর স্বমহিমায় ফেরাবে? উত্তর দেবে সময়।







