সদ্যই সিএবির প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এরই মধ্যে বিতর্কে জড়ালো সিএবি। স্বার্থ সংঘাত মামলায় ২ লক্ষ টাকা জরিমানা হলো সিএবি-র ফিনান্স কমিটির সদস্য সুব্রত সাহার। সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বিদায়ী সদস্য মহাদেব চক্রবর্তী অভিযোগ তোলেন সুব্রতবাবুর বিরুদ্ধে। তিনি জানান, সিএবি-র উচ্চপদে থাকার পরেও নিজের হোটেল বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বারংবার ভাড়া দিয়ে উপার্জন করেছেন প্রায় ৩৬ লক্ষ টাকা!গড়িয়াহাটে সুব্রতবাবুর একটি হোটেলের ঘরভাড়া হিসেবে সিএবিকে দিতে হয়েছে ৩৫ লক্ষ ৭৮ হাজার ৪০ টাকা।
মহাদেববাবুর অভিযোগের ভিত্তিতে সিএবি-র এথিক্স অফিসার, প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় ২ লক্ষ টাকা জরিমানার সাথে সাথে ফিন্যান্স কমিটির সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছেন সুব্রতবাবুকে।নতুন সাব কমিটিতে তাঁর স্থান হলেও এই মর্মে হলফনামা জমা দিতে হবে কোনওরকম বাণিজ্যিক সংস্থার সঙ্গে তাঁর অর্থনৈতিক বা অন্য কোনো সম্পর্ক নেই। জরিমানা জমা দেওয়ার দিনক্ষণ এক সপ্তাহ বেঁধে দেওয়া হয়েছে। শুধু সুব্রত বাবু নন, জরিমানা হয়েছে সিএবিরও। এখানেও জরিমানার পরিমাণ ২ লক্ষ টাকা। সুব্রতবাবুর পক্ষ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







