বন্ধুর গায়ে হালকা ঘ্রাণ পেলেই মনে হয়—“আহা, কী সুন্দর পারফিউম!” তাতেই মুগ্ধ হয়ে অনেকে দামি সুগন্ধি কিনে আনেন। সাজগোজ সেরে বেরোনো হয় বিশেষ কারও সঙ্গে দেখা করতে। অথচ বাইরে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই গন্ধ মিলিয়ে গেল! মন খারাপ হওয়াই স্বাভাবিক। পুজোর ভিড়, রোদ বা হালকা বৃষ্টিতে যদি ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতে হয়, তাহলে সুগন্ধি কি টিকবে?
শুধু একটি পারফিউমে ভরসা করলে নয়। তার জন্য দরকার কৌশল—যার নাম ‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’। আসলে এটি একেবারেই নতুন কিছু নয়, তবে এখনকার প্রজন্মের কাছে যেন এটাই নতুন ফ্যাশন। একসঙ্গে নানা ধরনের সুগন্ধি পণ্য ব্যবহার করলে সুবাস হয় দীর্ঘস্থায়ী। আর দামি ব্র্যান্ড না হলেও চলে, সঠিক মিলটাই আসল কথা।
ফ্রেগ্র্যান্স লেয়ারিং আসলে কী?
লেয়ারিং মানে একটার ওপর আরেকটা স্তর। যেমন পোশাকে লেয়ার হয়, তেমনই সুগন্ধিতেও হয়। বডি ওয়াশ, লোশন, স্প্রে আর পারফিউম—সবগুলোর ঘ্রাণ মিলিয়ে ব্যবহার করা। এতে সুবাস হয় হালকা, কিন্তু থাকে অনেকক্ষণ। শুধু একটি পারফিউমে তা সম্ভব নয়।
ধাপে ধাপে লেয়ারিংয়ের টিপস
1. স্নান থেকেই শুরু করুন – এমন সাবান বা শাওয়ার জেল বেছে নিন, যেটার গন্ধ আপনার প্রিয় পারফিউমের মতো।
2. ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন – ভেজা ত্বকে একই ঘ্রাণের লোশন মাখুন। যেমন ফ্লোরাল, ভ্যানিলা, সাইট্রাস বা ওরিয়েন্টাল ঘ্রাণ।
3. হালকা স্প্রে – কব্জি, ঘাড়, কনুইয়ের ভাঁজে বা কানের পিছনে বডি স্প্রে ব্যবহার করুন। এটি হালকা বলে দিনে কয়েকবার ব্যবহার করা যায়।
4. সবশেষে পারফিউম – পালস পয়েন্টগুলোতে আবার পারফিউম দিন। এতে গন্ধ আরও দীর্ঘ সময় ধরে থাকবে।
সতর্ক থাকুন
লেয়ারিং করার সময় খেয়াল রাখবেন যেন পণ্যে অতিরিক্ত অ্যালকোহল, অ্যালুমিনিয়াম বা ইথাইল অ্যালকোহল না থাকে। এগুলো ত্বকের ক্ষতি করতে পারে, পিএইচ ভারসাম্য নষ্ট করতে পারে, এমনকি ত্বক কালচে বা কুঁচকে যেতেও পারে।
তাই এবারের পুজোতে শুধু সাজগোজ নয়, গন্ধও হোক টেকসই। ফ্রেগ্র্যান্স লেয়ারিং করে দেখুন, সারা দিনই চারপাশে ছড়িয়ে থাকবে আপনার নিজের স্বতন্ত্র সুবাস।







