এর আগে কলকাতা হাইকোর্ট ও স্যাট-এও প্রশ্ন উঠেছিল। তবে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, ২৫ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এমনকি সেই নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে নতুন মোড় নিল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে শুনানিতেই বড় প্রশ্ন হল ডিএ আদৌ কি সরকারি কর্মীদের মৌলিক অধিকার?
বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যে সরকার ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। সেই নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাজ্য সেই অর্থ মেটাতে পারেনি। সরকারি কর্মীদের তরফে আইনজীবী সওয়াল করেন, “ডিএ একটি মৌলিক অধিকার। কেন্দ্র সরকার যেমন নিয়মিত ডিএ দেয়, তেমনই রাজ্য কর্মচারীরাও তা প্রাপ্য।” তবে রাজ্য সরকারের তরফে এই দাবিকে একেবারে খারিজ করে দেয়।
পাল্টা রাজ্য সাওয়াল করে জানায় ডিএকে কোনওভাবেই মৌলিক অধিকার বলা যায় না, কারণ এর জন্য কোনও আইনি স্বীকৃতি নেই। রাজ্যের পক্ষ থেকে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল সওয়াল করে বলেন, “দেশের প্রতিটি রাজ্যে ডিএ নির্ধারণের পদ্ধতি আলাদা। কেন্দ্রের হারের সঙ্গে রাজ্যের তুলনা করা ঠিক নয়।”
সেই সময় পাল্টা প্রশ্ন তুলে কর্মচারী সংগঠনের আইনজীবীরা—“যদি কেন্দ্র দিতে পারে, রাজ্য কেন পারবে না?” তাদের যুক্তি, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ডিএ প্রাপ্যতা সব সরকারি কর্মচারীর ন্যায্য অধিকার। রাজ্যের আরও এক আইনজীবী, শ্যাম দেওয়ান, পুরনো রায়ের নজির তুলে ধরে বলেন, “ডিএ কখনই মৌলিক অধিকার নয়, বরং এটি কর্মসংস্থান শর্তের আওতায় পরে।”
ডিএ নিয়ে এই আইনি লড়াই ও মৌলিক অধিকারের তত্ত্ব আগামী দিনে দেশের অর্থ-রাজনৈতিক পরিসরে নতুন প্রশ্ন তুলতে চলেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার, শীর্ষ আদালতের পরবর্তী রায় কোন দিক নির্ধারণ করবে।







