রাজস্থানের বালুকাময় মরুভূমি শুধু ইতিহাস আর রাজকীয়তার জন্য নয়, ভয়ংকর রহস্যের জন্যও সমান জনপ্রিয়। তারই একটি নাম কিরাডু মন্দির। বর্মের জেলার সিহনি গ্রামে অবস্থিত এই প্রাচীন মন্দির দিনে পর্যটকে জমজমাট হলেও, সূর্যাস্তের পর ভয়ঙ্কর নীরবতায় ঢেকে যায়। কারণ স্থানীয়রা বিশ্বাস করেন—সন্ধ্যার পর এই মন্দিরে ঢুকলেই মানুষ পাথরে পরিণত হয়।
অভিশপ্ত গ্রামের কাহিনি
শোনা যায়, বহু শতাব্দী আগে এক সাধু তাঁর শিষ্যদের নিয়ে কিরাডু মন্দিরে আসেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক শিষ্য। অন্য শিষ্যরা গ্রামের মানুষের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ফলে শিষ্যের মৃত্যু হয়।
এই ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ সাধু গ্রামবাসীদের অভিশাপ দেন—“আজ থেকে সূর্যাস্তের পর তোমরা সবাই পাথরে রূপ নেবে।”
তবে ব্যতিক্রম ছিলেন এক গ্রাম্য নারী। তিনি অসুস্থ শিষ্যের যত্ন করেছিলেন। সাধু তাঁকে সূর্যাস্তের আগে গ্রাম ছাড়তে বলেন এবং পিছন ফিরে না তাকানোর নির্দেশ দেন। কিন্তু কৌতূহলবশত তিনি পিছন ফিরে তাকান, আর সঙ্গেসঙ্গেই পাথরে পরিণত হন। আজও মন্দিরের বাইরে তাঁর পাথরের মূর্তি রয়েছে, যা স্থানীয়রা সেই নারীর প্রতীক বলে মনে করেন।
অসাধারণ স্থাপত্যশৈলী
ভয়ংকর এই কিংবদন্তি থাকলেও কিরাডু মন্দির তার অনন্য স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত। দক্ষিণ ভারতীয় শিল্পশৈলীর ছাপ রয়েছে মন্দিরের প্রতিটি খোদাইয়ে। সূক্ষ্ম নকশা, দেবদেবীর মূর্তি এবং ভাস্কর্যে ভরা এই মন্দিরের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।
তবে ভ্রমণকারীরা সূর্যাস্তের আগেই ফিরে আসেন। স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেন—অন্ধকার নামার পর মন্দির চত্বর একেবারেই নিষিদ্ধ।
রহস্য নাকি লোককথা?
ইতিহাসবিদরা মনে করেন, এই অভিশাপ হয়তো নিছকই লোককথা, যা গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু আজও স্থানীয়রা ভয়ে মন্দিরে সূর্যাস্তের পর পা রাখেন না। ফলে কিরাডু মন্দিরের রহস্য আরও গভীর হয়েছে।
কিরাডু মন্দির তাই শুধু পর্যটকদের জন্য নয়, ইতিহাসবিদ, গবেষক এবং রহস্যপ্রেমীদের কাছেও সমান কৌতূহলের জায়গা। প্রশ্ন থেকে যায়—এ কি সত্যিই অলৌকিক অভিশাপ, নাকি শুধুই কিংবদন্তি?







