রাজনীতি

শুভেন্দু গড়ে এসআইআর নোটিস ঘিরে ক্ষোভ, সংখ্যালঘু বুথে ‘বেছে বেছে তলব’-এর অভিযোগ

দক্ষিণ কাঁথিতে এসআইআর (Special Intensive Revision) শুনানি ঘিরে তীব্র অসন্তোষ ছড়াল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় একটি সংখ্যালঘু অধ্যুষিত বুথে বিপুল সংখ্যক ভোটারকে একসঙ্গে নোটিস পাঠানো নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু ভোটারদেরই শুনানির জন্য ডাকা হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।

দক্ষিণ কাঁথির গিমাগেরিয়া এলাকার ১৪৬ নম্বর বুথে মোট ভোটার ৯০৩ জন। অভিযোগ, এসআইআর পর্ব শুরু হতেই এই বুথ থেকে প্রায় সাড়ে তিনশো জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০০২ সালের সঙ্গে যুক্ত সমস্ত প্রয়োজনীয় নথি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন ফের একসঙ্গে এতজনকে নোটিস পাঠানো হচ্ছে, তা নিয়ে চরম বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।

এক প্রবীণ ভোটার, যিনি ১৯৫০ সালে এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন, চোখের জল নিয়ে প্রশ্ন তোলেন—সব কাগজপত্র জমা দেওয়ার পরেও কেন বারবার তলব? আরেক গ্রামবাসীর অভিযোগ, কমিশনের তরফে কোনও লিখিত নথি বা ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। শুধুমাত্র বিএলও-র মুখে কথা শুনেই বিষয়টি জানতে হচ্ছে।

কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক শোহেব মহম্মদ বলেন, “সমগ্র বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন ধোঁয়াশা তৈরি করছে। সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে—এই অভিযোগ আমরা শুরু থেকেই তুলে ধরছি।”

অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্রের বক্তব্য, “নির্বাচন কমিশন সম্পূর্ণ নিয়ম মেনেই কাজ করছে। তৃণমূল ভিত্তিহীন জল্পনা ছড়িয়ে আতঙ্ক তৈরি করছে। যোগ্য ভোটাররা তালিকায় থাকবেন, অযোগ্যরা বাদ যাবেন—এটাই এসআইআর-এর উদ্দেশ্য।”

এসআইআর প্রক্রিয়া ঘিরে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়াল কাঁথি এলাকায়। নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা, নজর রাখছে রাজনৈতিক মহলও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.