দলীয় পদে বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অজিত মাইতিকে। বৃহস্পতিবার রাতে খড়গপুরে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই এক প্রাক্তন অঞ্চল সভাপতির অভিযোগের ভিত্তিতে অজিত মাইতির বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগকারী দাবি করেছেন, ব্লক সভাপতি পদে বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন অজিত মাইতি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পরই গ্রেফতার করা হয় প্রাক্তন এই বিধায়ককে।
অজিত মাইতির গ্রেফতারির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। বিধায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা পরিষদের সহ-সভাধিপতির পদে ছিলেন।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে মামলার ভিত্তিতে অজিত মাইতিকে গ্রেফতার করা হয়েছে, সেটি বেশ পুরনো। শুক্রবার তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।







