রাজনীতিরাজ্য

‘ডগ বাবু’র ভোটার কার্ড! বিহারে রেসিডেন্স সার্টিফিকেটে কুকুরের নাম, তোপে নির্বাচন কমিশন

পটনা/দিল্লি/কলকাতা, ২৮ জুলাই:বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের (SIR) প্রক্রিয়া ঘিরে চরম বিতর্ক। তার মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য— কুকুরের নামে জারি করা হয়েছে সরকারি রেসিডেন্স সার্টিফিকেট! এবং সেটি ব্যবহার করে ভোটার তালিকায় নাম ওঠানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, পটনার মসৌড়ী ব্লকের কৌলিচক ওয়ার্ড-১৫-এর ঠিকানায় এক “ডগ বাবু” নামে কুকুরকে রেসিডেন্ট সনদ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার “বাবা-মায়ের” নামও দেওয়া হয়েছে যথাক্রমে কুত্তা বাবু এবং কুতিা দেবী! রাজস্ব আধিকারিক মুরারি চৌহানের ডিজিটাল স্বাক্ষর-সহ সেই সার্টিফিকেটের নম্বর BRCCO 2025/15933581।

ঘটনার কথা সামনে আসতেই তা বাতিল করেছে প্রশাসন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে এদিন তিনি বলেন,
“বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। SIR-র নামে চলছে ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলা!”

কী এই SIR?
নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে ‘Special Intensive Revision’ (SIR) নামে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে বিহারে। উদ্দেশ্য, মৃত বা অনুপস্থিত ভোটারদের নাম বাদ দিয়ে প্রকৃত ভোটারদের তালিকা তৈরি করা। এই প্রক্রিয়ায় বসবাসের প্রমাণ হিসেবে রেসিডেন্স সার্টিফিকেট অন্যতম গুরুত্বপূর্ণ নথি। অথচ সেই জায়গায় এমন চূড়ান্ত অব্যবস্থার ঘটনা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তুলে দিয়েছে।

পরবর্তী সময়সূচি:
১ অগাস্ট: খসড়া ভোটার তালিকা প্রকাশ

১ অগাস্ট – ১ সেপ্টেম্বর: নতুন নাম তোলা, নাম বাদ পড়া বা ভুল সংশোধনের জন্য আবেদন গ্রহণ

আজই সুপ্রিম কোর্টে শুনানি
বিহারে SIR প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি সোমবার সুপ্রিম কোর্টে। রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোটের মুখে এত তাড়াহুড়ো করে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন কেন? আর তাতেই উঠে আসছে এমন হাস্যকর ও প্রশ্নবিদ্ধ উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.