উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় এক অবিশ্বাস্য ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে—দুই বন্ধু নিজেদের স্ত্রী অদলবদল করেছেন! ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারীর বক্তব্য, তার বন্ধু জোর করে তার স্ত্রীকে নিয়ে যায় এবং পরিবর্তে নিজের স্ত্রীকে তার কাছে রেখে দেয়। এতে দুই পরিবারে অশান্তি ও উত্তেজনা চরমে পৌঁছেছে।
ভুক্তভোগী এক নারী পুলিশের কাছে জানান, তার বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চললেও স্বামী শারীরিক নির্যাতন শুরু করে। পরে স্বামী তাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেও আবার ফিরিয়ে আনে। তখনই আসে চাঞ্চল্যকর প্রস্তাব—স্ত্রীকে বন্ধুর কাছে পাঠানোর। তিনি রাজি না হওয়ায় বাড়তে থাকে অত্যাচার।
অন্যদিকে, যিনি বন্ধু দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি করছেন, তার অভিযোগ—তিনি বাইরে কাজ করতে গেলে তার বন্ধু তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হয়। প্রায় চার মাস ধরে স্ত্রী তার বন্ধুর সঙ্গে রয়েছেন। এখন বন্ধুই জোর করছে স্ত্রীকে তার কাছে রাখতে।
পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে দুই যুবককেই আটক করে ভারতীয় দণ্ডবিধির ১৫১ ধারায় মামলা রুজু হয়েছে। তবে তদন্তে জানা যাচ্ছে, অভিযুক্ত যুবক ও বন্ধুর স্ত্রী দুজনেই নাকি এই সম্পর্কে স্বেচ্ছায় রয়েছেন। তা সত্ত্বেও, দুই ভুক্তভোগী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।







