পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পাঁচ মাস পর জম্মু-কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে পর্যটন ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হল। উপত্যকায় নিরাপত্তার পরিস্থিতি পর্যালোচনার পর এবার ফের ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা করলেন উপরাজ্যপাল মনোজ সিনহা। সোমবার থেকে পর্যটকরা আবার ঘুরে দেখতে পারবেন এই জনপ্রিয় স্থানগুলি।
প্রশাসন সূত্রে খবর, নতুন করে খোলা ১২টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৭টি রয়েছে কাশ্মীর ডিভিশনে, বাকি ৫টি জম্মু ডিভিশনে। কাশ্মীর ডিভিশনের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পহেলগাঁওয়ের আরু ভ্যালি ও ইয়ান্নের র্যাফটিং পয়েন্ট। এছাড়াও রয়েছে অনন্তনাগের পাদশাহি পার্ক এবং উরির কামান পোস্ট। জম্মু ডিভিশনে খুলে দেওয়া হচ্ছে কাঠুয়ার ধাগ্গার, রামবনের দাগন টপ এবং সালালের শিব গুহার মতো পর্যটনকেন্দ্র।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে প্রায় ৫০টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে জুন মাসে প্রশাসন ১৬টি কেন্দ্র খুলে দেয়। শুক্রবার শ্রীনগরের রাজভবনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করে আরও ১২টি কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেন উপরাজ্যপাল।
বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে পর্যটন শিল্পে নতুন গতি আসবে। বিশেষ করে উৎসবের মরশুমে ভ্রমণপিপাসুদের ভিড় উপত্যকায় বাড়বে বলেই মনে করা হচ্ছে। প্রশাসনও আশ্বস্ত করছে, পর্যটকদের নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না। ফলে বহু প্রতীক্ষার পর আবারও প্রাণ ফিরে পাবে কাশ্মীরের পাহাড়-উপত্যকা।







