দীর্ঘ চার বছর আগে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছিল মারণব্যাধি করোনা। সংক্রমণের ভয়ে গৃহবন্দি হয়েছিল কোটি কোটি মানুষ। সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও একবার করোনা আক্রান্তের খবর মিলল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাস থেকে।
জানা গেছে, আইআইটি খড়গপুরের এক ২৬ বছর বয়সি গবেষক ছাত্রের শরীরে সম্প্রতি কোভিডের উপসর্গ দেখা যায়। তাঁর জ্বর, সর্দি, কাশি এবং স্বাদ-গন্ধ না পাওয়ার মতো উপসর্গ থাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় খড়গপুর আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই গবেষক সম্প্রতি গবেষণার কাজে বীরভূম গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ হয়ে থাকতে পারে বলে অনুমান। তবে ভালো খবর হল, তিনি কোভিডের দুটি ভ্যাকসিনই নিয়েছিলেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, আক্রান্ত পড়ুয়া হোস্টেলের একটি রুমে একাই থাকতেন। ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা খুব কম। তবে, তাঁর সংস্পর্শে যারা এসেছিলেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে টেস্ট করানো হবে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. সৌম্যশঙ্কর ষড়ঙ্গী জানিয়েছেন, “উপসর্গগুলো পুরনো করোনা সংক্রমণের মতোই। যেহেতু রোগী ভ্যাকসিন নিয়েছেন ও উপসর্গ মৃদু, তাই আতঙ্কের কিছু নেই। তবে সকলকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।”
স্বাস্থ্য দপ্তরের তরফে আবারও সামাজিক বিধিনিষেধ মানার আবেদন জানানো হয়েছে। সতর্কতা ও সচেতনতাই এখন একমাত্র উপায়।







