পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজ্য বাজেটের দিকে তাকিয়ে ছিল বাংলার মানুষ। সেই প্রত্যাশাকে সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৪,৩৮,৭৭৫.২৯ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও আর্থিক সুবিধার ঘোষণা ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে আলোচনা শুরু হয়েছে।
বাজেটে আশাকর্মী, আইসিডিএস কর্মী এবং হোম গার্ডদের জন্য বড় সুখবর রয়েছে। আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করে ৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে গেলেও অতীতে সেই দাবি পূরণ হয়নি। নতুন সরকারের এই ঘোষণায় উপকৃত হবেন বহু কর্মী।
অন্যদিকে হোম গার্ডদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় উৎসাহ দিতে কলেজে অধ্যয়নরত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
শহরাঞ্চলে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে ‘মা আহার’ প্রকল্পের সম্প্রসারণের কথা জানিয়েছে সরকার। বর্তমানে ৪০০টি কেন্দ্রে মাত্র ৫ টাকায় ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার দেওয়া হয়। আগামী দিনে আরও ২১০টি নতুন কেন্দ্র চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সমাজের প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্যও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তাঁদের মাসিক পেনশন ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে, যার ফলে বিপুল সংখ্যক উপভোক্তা সরাসরি লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।
পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে সরকার। কলকাতা বিমানবন্দরের ওপর চাপ কমাতে কল্যাণীর নিকটে একটি দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার কথাও বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী।







