বাংলার আবহাওয়ার পরিস্থিতি ঠিক যেন দিল্লি-উত্তরপ্রদেশের মতো হয়ে গেল। শুকনো গরমে জেরবার বঙ্গবাসী। তার ওপর আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট যেন গোদের উপর বিষফোঁড়ার মতো ঠেকেছে। বছরের প্রথম দিন তীব্র দহনে পুড়বে গোটা রাজ্য। রেহাই পাবে না কলকাতাও। এমনকি তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় আগামী শনিবার ১৫ই এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস। তার আগে বৃহস্পতিবার এবং শুক্রবারও ৪০ ডিগ্রি তাপমাত্রার পারদ ছোঁবে। আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই।
এমনকি কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই আগামী কয়েক দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে।
জানা গিয়েছে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার থেকে কলকাতা-সহ অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে। আগামী ১৭ই এপ্রিল সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।
বুধবার একটি বিবৃতি জারি করে হাওয়া অফিস এও জানিয়েছে, শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র গরম উত্তরেও অনুভূত হবে। তার সঙ্গে উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৪ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মূলত পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া বাংলায় প্রবেশ করছে। সেই কারণেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকছে। তবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শোনা যাচ্ছে, তাপপ্রবাহের ফলে বাংলার মানুষের দুর্ভোগ চরমে উঠতে পারে। আগেভাগেই তা নিয়ে আবহবিদেরা সতর্ক করেছেন। তাঁরা জানিয়েছেন, শিশু এবং বয়স্ক মানুষ এই গরমে বিপদে পড়তে পারেন। রোগীদেরও সমস্যা হতে পারে। এমনকি গরমে সান স্ট্রোকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এছাড়া ঘামাচি এবং তাপজনিত অন্যান্য রোগের আশঙ্কাও রয়েছে। গরমে ক্ষেতের শাকসবজি শুকিয়ে যেতে পারে। আর তাই বেশি সময় ধরে রোদে না থাকা এবং বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।







