ভারতীয় দলে প্রায় তিন বছর কাটিয়েও অভিষেকের সুযোগ পাননি বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। নিয়মিত স্কোয়াডে থাকা সত্ত্বেও প্রথম ম্যাচের স্বপ্ন বাস্তবায়িত হয়নি তাঁর। বরং এবার সরাসরি ছাঁটাই করা হয়েছে তাঁকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে নাম নেই অভিমন্যুর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—প্রতিভা থাকা সত্ত্বেও কেন সুযোগ পেলেন না? বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত জানান, “অভিমন্যুর জন্য খারাপ লাগছে। ওর বাবা ইংল্যান্ড সিরিজের পর কিছু কড়া মন্তব্য করেছিলেন। সম্ভবত সেই কারণেই নির্বাচকরা ওকে বাদ দিয়েছে।” তিনি আরও বলেন, প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, ঘরের মাঠে বাড়তি ওপেনার রাখার দরকার নেই। তবে শ্রীকান্তের মতে, বাবা রঙ্গনাথন ঈশ্বরণের মন্তব্যই অভিমন্যুর ভাগ্য ঘুরিয়ে দিয়েছে।
ইংল্যান্ড সিরিজ শেষে রঙ্গনাথন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “আমি দিন নয়, বছর গুনি। তিন বছর দলে থেকেও সুযোগ পেল না। একজন ব্যাটারের কাজ রান করা, সেটা তো ও করেছে। আর কত প্রমাণ দিতে হবে আমার ছেলেকে?” তাঁর এই বক্তব্য নির্বাচকদের অস্বস্তিতে ফেলে দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য সত্ত্বেও জাতীয় দলে ঠাঁই মেলেনি অভিমন্যুর। দিলীপ ট্রফি, ইরানি কাপ ও রনজি ট্রফিতে শতরানের পর শতরান করেছেন তিনি—২০০* পর্যন্ত বড় ইনিংসও রয়েছে তাঁর ঝুলিতে। সাম্প্রতিক অস্ট্রেলিয়া ‘এ’-এর বিরুদ্ধেও করেছেন কার্যকর ইনিংস। তবুও সেরা ফর্মের মাঝেই বাদ পড়া, বাংলার এই ব্যাটারের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। আর শ্রীকান্তের মন্তব্যে আরও একবার নির্বাচনী প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ ঘনীভূত হল।







