চার বছর পর আইএফএ শিল্ডের ফেরার কথা ঘোষণা হতেই ফুটবল মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই আনন্দে কালো মেঘ আনল মহামেডান স্পোর্টিং। শুক্রবার সরকারি চিঠি দিয়ে তারা স্পষ্ট জানিয়ে দিল, ঐতিহ্যশালী প্রতিযোগিতায় এবার নামছে না সাদা-কালো শিবির। কলকাতার তিন প্রধানের অন্যতম এই ক্লাবের অনুপস্থিতি শিল্ডের মর্যাদাতেই যেন ধাক্কা দিল।
কারণও পরিষ্কার করে দিয়েছে মহামেডান। ৮ অক্টোবর থেকে শুরু হবে শিল্ড, অথচ তাদের ফুটবলাররা ছুটিতে আছেন ১৪ অক্টোবর পর্যন্ত। সেই সময়ের আগে ডেকে আনা সম্ভব নয় বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, খেলোয়াড়দের বেতনও বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে শিল্ডে নামতে চাপ দিলে ফুটবলাররা ফিফায় অভিযোগ জানাতে পারেন—এই আশঙ্কাতেই পিছিয়ে গেল ক্লাব। এক কর্তার সাফ কথা, “আমরা তো টিকিট দিয়ে ছুটি দিয়েছি। এখন ফিরিয়ে আনা সম্ভব নয়।”
আইএফএ সচিব অনির্বাণ দত্তও মহামেডানের সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, বিকল্প ক্লাব নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই ডায়মন্ডহারবার এফসিও সরে দাঁড়িয়েছে। ফলে অংশগ্রহণকারী দলের সংখ্যা নিয়ে বড় ধাঁধায় আয়োজক সংস্থা। আপাতত শুধু ইস্টবেঙ্গল এবং গোকুলাম কেরালা খেলতে রাজি হয়েছে।
প্রাথমিকভাবে ছয় দলের মধ্যে প্রতিযোগিতা করার পরিকল্পনা থাকলেও, এখন দলসংখ্যা কমলে ফরম্যাট বদলাতে হবে আইএফএ-কে। শেষবার ২০১৪ সালে আইএফএ শিল্ড জিতেছিল মহামেডান। এবার তাদের অনুপস্থিতি শুধু সমর্থকদেরই হতাশ করেনি, বরং ঐতিহ্যের অন্যতম ধারক এই ক্লাব সরে দাঁড়ানোয় প্রতিযোগিতার আবেদনও কমে গেল নিঃসন্দেহে।







