সাদা বলের ক্রিকেটে সফল হওয়ার পর রিঙ্কু সিং এবার রনজি ট্রফিতেও নিজের লাল বলের সক্ষমতা প্রমাণ করলেন। তামিলনাড়ুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি দল যখন কঠিন পরিস্থিতিতে, তখন ব্যাট হাতে নেমে ১৭৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন।
তামিলনাড়ু প্রথম ইনিংসে ৪৫৫ রানের বড় স্কোর গড়ার পর উত্তরপ্রদেশ একসময় ৫ উইকেটে ১৯১ রানে ধুঁকছিল। ঠিক তখনই রিঙ্কু সিং দলকে টেনে তোলেন। তিনি ২৪৭ বল খেলে ১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৭৬ রান করেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর। তাঁর ইনিংসের সুবাদে উত্তরপ্রদেশ ৫ রানের লিড নিয়ে ৪৬০ রান করতে সক্ষম হয়।দ্বিতীয় ইনিংস শেষে ম্যাচটি ড্র ঘোষণা হলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে উত্তরপ্রদেশের ঝুলিতে ৩ পয়েন্ট যুক্ত হলো।
দীর্ঘ নয় বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা রিঙ্কুর গড় প্রায় ৫৯.০৭ এবং ৯টি সেঞ্চুরি রয়েছে। যদিও তাঁকে এখনো পর্যন্ত শুধু টি-টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই ভাবা হয়। রঞ্জি ট্রফিতে তাঁর এই ম্যাচ বাঁচানো এবং রান তাড়া করার মানসিকতা প্রমাণ করে যে তিনি দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের জন্যেও প্রস্তুত। এই পারফরম্যান্সের পর তিনি টেস্ট দলে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।







