দুর্গা বিসর্জনের আনন্দ মুহূর্তেই পরিণত হল দুঃস্বপ্নে। বীরভূমের মাড়গ্রামে শোভাযাত্রার ভিড়ের মধ্যেই ঘটে গেল গা-শিউরে ওঠা কাণ্ড। অভিযোগ, ভিলেজ পুলিশ সজল মার্জিত এক যুবকের মুখে বাজি ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়! মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলতে থাকে যুবকের মুখগহ্বর। আতঙ্কে কেঁপে ওঠে চারপাশের মানুষ।
আহত যুবক হেমন্ত বাগদি, যিনি স্ত্রীকে নিয়ে শোভাযাত্রা দেখতে বেরিয়েছিলেন। গুরুতর অবস্থায় তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। পরিবার অভিযোগ করেছে, নিষিদ্ধ বাজি ‘ব্ল্যাক ক্যাট’ মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। যদিও পুলিশের দাবি, তা সম্ভবত কালীপটকা।
কেন এমন নৃশংসতা? প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। এলাকাজুড়ে ক্ষোভে বিসর্জনের শোভাযাত্রা থেমে যায়। অভিযুক্ত ভিলেজ পুলিশকে আটক করেছে মাড়গ্রাম থানার পুলিশ। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি।







