বিশ্বভারতীর ফলক বিতর্কে এবার সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ফলক নিয়ে বিজেপির কিছু করার নেই, এহেনই স্পষ্ট মন্তব্যে সামিল দিলীপ।
বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী এবং উপাচার্যের নাম সম্বলিত এবং রবি ঠাকুরের নামবিহীন বিতর্কিত ফলক সরছে না। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘এ বিষয় তো আমাদের কিছু করার নেই। এটা কেউ একা ঠিক করেন না। একটা কমিটি সিদ্ধান্ত নিচ্ছে। আমরাও বলেছি, রবি ঠাকুরের নাম থাকলে ভালো হতো।’
আবার ফলক বিতর্কের মাঝেই পালটা বিবৃতি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিবৃতির প্রথমেই যা লেখা তা খানিক এরকম, ‘রবীন্দ্রনাথ ঠাকুর আজকের বিশ্বভারতীতে পণ্যে রূপান্তরিত হয়েছে। রাবীন্দ্রিক হয়ে গিয়েছে স্বার্থসিদ্ধির সোপান। তথাকথিত রাবীন্দ্রিকদের নিয়ে তাই একটা স্বাভাবিক প্রশ্ন উঠে আসে। এঁরা কতজন রবীন্দ্রনাথের সাধের দর্শনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অন্তত গত পাঁচ বছরে তা দেখা যায়নি।’







