রাজনীতি

দেব-কুণাল বাগযুদ্ধের মাঝেই বিস্ফোরক ব্রাত্য বসু! বললেন – “বাংলা সিনেমায় সুপারস্টার বলে কিছু নেই, সুপারস্টার হলে দল গড়েন”

নিজস্ব প্রতিবেদন,কলকাতা:
দুর্গাপুজোর মরসুমে একের পর এক বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু পর্দার বাইরেও এখন উত্তাল টলিউড। দেব বনাম কুণাল ঘোষের ‘বাগযুদ্ধ’-এর মাঝেই এবার আসরে নামলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ও অভিনেতা ব্রাত্য বসু। তাঁর মন্তব্যে যেন নতুন করে আগুন জ্বলল ইন্ডাস্ট্রির অন্দরে।

ব্রাত্যের বক্তব্য, “বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার বলে কিছু নেই। যে নিজেকে সুপারস্টার বলে দাবি করেন, তা আসলে হাস্যকর এবং দ্বিচারিতা। সত্যিকারের সুপারস্টার অন্য কারও অধীনে রাজনীতি করেন না। তিনি নিজেই দল তৈরি করেন।”

তিনি আরও বলেন, “তামিলনাড়ুতে যেমন কমল হাসান, চিরঞ্জীবী, বিজয়—এরা নিজের দল গড়েছেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বাংলায়? যিনি সত্যিকারের সুপারস্টার, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাকিরা কেউ সিনেমা করেন, কেউ থিয়েটার, কেউ ছবি আঁকেন—কিন্তু সুপারস্টার কেউ নন।”

নিজের প্রসঙ্গ টেনে ব্রাত্য বলেন, “আমি থিয়েটার করি, রাজনীতিতেও আছি। কিন্তু যদি বলি আমি সুপারস্টার—এর থেকে হাস্যকর কিছু হতে পারে না।”

উল্লেখ্য, এই পুজোয় একসঙ্গে মুক্তি পেয়েছে চারটি বাংলা সিনেমা—‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ-২’ সহ আরও দুটি বড় ছবি। আর সেই জায়গা থেকেই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ও অভিনেতা-সাংসদ দেব-এর মধ্যে সংঘাত।

কুণালের অভিযোগ, দেব নিজের প্রভাব খাটিয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে শো দখল করেছেন। তিনি বলেন, “ছবি মুক্তির আগে উদারতা দেখালেই ভাল হয়। ইন্ডাস্ট্রির ভিতরে রাজনীতি করা ঠিক নয়।” এমনকি দেবকে ‘মাফিয়া’ বলেও কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে, দেবের পাল্টা জবাব—“কাউকে ছোট করে বড় হওয়া যায় না। আমি কখনওই সেই চেষ্টা করিনি। আমার শত্রু হতেও যোগ্যতা লাগে, এখনও কেউ সেই জায়গায় পৌঁছায়নি।”

এই দ্বন্দ্বের মধ্যেই ব্রাত্য বসুর মন্তব্য যেন নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে। তাঁর বক্তব্যে সিনেমা জগতের বাইরে রাজনীতির দিকটাও স্পষ্ট হয়ে উঠেছে। এখন প্রশ্ন, এই ‘সুপারস্টার’ বিতর্কে পরবর্তী পদক্ষেপ কী হয়—সেটাই দেখার।

#DevVsKunal #BratyaBasu #BanglaCinema #TollywoodControversy #DurgaPujaRelease

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.