খেলাধুলা

বঙ্গ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়নের ছোঁয়া! সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ম্যাথাউস

বাংলা ফুটবলে নতুন যুগের সূচনা ঘটতে চলেছে। জেলার মাটিতে গড়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা বেঙ্গল সুপার লিগ, আর সেই টুর্নামেন্টের মুখ হচ্ছেন বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। ১৯৯০ সালে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ জেতানো এই ফুটবল মহাতারকার যুক্ত হওয়ায় শুধু রাজ্য নয়, গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ভারচুয়াল প্রেস কনফারেন্সে নিজেই জানিয়েছেন, আগামী মাসে তিনি কলকাতায় আসছেন বেঙ্গল সুপার লিগের উদ্বোধনে অংশ নিতে।

ম্যাথাউসের উপস্থিতি নিঃসন্দেহে বাংলার ফুটবলে আন্তর্জাতিক মাত্রা যোগ করবে। শ্রাচী স্পোর্টস এবং আইএফএ-র যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় থাকবে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি দল। খেলোয়াড় সংখ্যা ২০০, প্রতিটি দলে তিনজন করে বিদেশি ফুটবলার—উদ্দেশ্য একটাই, প্রতিযোগিতাকে আরও রোমাঞ্চকর করে তোলা। কলকাতা লিগের সাফল্যের পর এবার রাজ্যজুড়ে এই লিগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে নেমেছে আয়োজকরা।

ভার্চুয়াল উদ্বোধনে উপস্থিত ছিলেন আলভিটো ডি’কুনহা, সুলে মুসা, সঞ্জয় সেন, মেহতাব হোসেন, রহিম নবিরা। জানা গিয়েছে, মালদা ও সুন্দরবনের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় ও মেহতাব। আইপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, হোম-অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ—সব মিলিয়ে বাংলা ফুটবলে এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ।

বহুদিন ধরে বাংলার ফুটবলে আন্তর্জাতিক যোগাযোগ ছিল সীমিত। সেখানে ম্যাথাউসের মতো কিংবদন্তির উপস্থিতি শুধু গৌরবই নয়, নব প্রজন্মের কাছে প্রেরণার প্রতীকও। হয়তো এই ‘বেঙ্গল সুপার লিগ’ই হয়ে উঠবে সেই সেতু, যেখানে বাংলার প্রতিভা মিশবে বৈশ্বিক মঞ্চের আলোয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.