বিশ্ব

পাক-আফগান সংঘাত ঘিরে নতুন সংকট! দেশে থাকা আফগান নাগরিকদের ফেরত যাওয়ার নির্দেশ ইসলামাবাদের

সীমান্ত সংঘাতের জেরে চরম উত্তেজনা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। এর মধ্যেই বড় ঘোষণা করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। জানালেন — দেশে বসবাসকারী সমস্ত আফগান নাগরিককে পাকিস্তান ছেড়ে চলে যেতে হবে। একইসঙ্গে আফগানিস্তানের সঙ্গে এতদিনের কূটনৈতিক সম্পর্কেরও আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন তিনি।

শুক্রবারই দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষ হয়। সেই পরিস্থিতিতে শান্তির বার্তা নয়, বরং হুঁশিয়ারির সুরই শোনা যায় আসিফের গলায়। তিনি বলেন, “এখন কাবুলে তাঁদের নিজস্ব সরকার আছে, নিজেদের খেলাফত আছে। পাকিস্তানের সম্পদ পাকিস্তানের ২৫ কোটি নাগরিকের জন্যই বরাদ্দ।”

পাক সংবাদমাধ্যমের দাবি, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ইসলামাবাদ। পেশোয়ার, চারসাড্ডা, ট্যাঙ্ক, মালাকান্দ-সহ একাধিক শরণার্থী শিবির যত দ্রুত সম্ভব বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি পাক নাগরিকদেরও বলা হয়েছে, আফগান শরণার্থীদের বাড়ি বা দোকান ভাড়া না দিতে।

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী দফতরের হিসেব বলছে, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানে আফগান শরণার্থীর সংখ্যা ২৩ লক্ষেরও বেশি। ফলে নতুন করে ভয়াবহ শরণার্থী সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, কাবুল সরকার ইসলামাবাদের বিরুদ্ধে ফের আকাশপথে হামলার অভিযোগ তুলেছে। তাদের দাবি, ডুরান্ড লাইন বরাবর পাকিস্তান বাহিনী বোমাবর্ষণ চালিয়েছে। এতে যুদ্ধবিরতির চুক্তিও কার্যত ভেঙে গিয়েছে।

আসিফ অবশ্য সাফ জানিয়েছেন — “পাকিস্তান বারবার ধৈর্য দেখিয়েছে। ৮৩৬টি প্রতিবাদপত্র পাঠানো হয়েছে, কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি। এবার থেকে শান্তির বার্তা নয়, কড়া জবাব দেওয়া হবে।”

পাশাপাশি ভারতের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, “কাবুলের শাসকরা ভারতের কোলে বসে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

বিশেষজ্ঞদের মতে, ইসলামাবাদের এই অবস্থান শুধু সীমান্ত উত্তেজনাই নয়, দক্ষিণ এশিয়ায় নতুন মানবিক বিপর্যয়েরও ইঙ্গিত দিচ্ছে। কূটনৈতিক মহলের আশঙ্কা, এই পরিস্থিতি আরও ঘোরাল হতে পারে আগামী দিনে।

সূত্র: Geo News, Al Jazeera, UNHCR Reports

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.