নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে নজর কাড়ল একটি বিশেষ মুহূর্ত। সদস্য দেশগুলির নেতাদের নিয়ে আয়োজিত পারিবারিক ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গেল একেবারে কেন্দ্রীয় অবস্থানে। তাঁর দু’পাশে ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে ছবিটি ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের এই ফটো-অপ অনুষ্ঠানে সদস্য ও সহযোগী দেশগুলির রাষ্ট্রপ্রধান, আমন্ত্রিত দেশের প্রতিনিধিরা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মুহূর্তকে ‘ল্যান্ডমার্ক মোমেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।
এরই মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্রিকসের ‘নিউ দিল্লি ঘোষণাপত্র’। সদস্য দেশগুলির সর্বসম্মতিতে গৃহীত এই ঘোষণাপত্রে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একাধিক বিষয়ে ঐক্যের বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদিও জানিয়েছেন, কোনও সদস্য আপত্তি না তোলায় ঘোষণাপত্রটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে ব্রিকসের অন্দরে আগে মতপার্থক্য দেখা দিয়েছিল। মে মাসে নয়াদিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে যৌথ বিবৃতি নিয়েও ঐকমত্য তৈরি হয়নি। তবে এবার সেই অচলাবস্থা কাটিয়ে সদস্য দেশগুলি একটি অভিন্ন অবস্থানে পৌঁছেছে।
ঘোষণাপত্রে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। এমন কোনও পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের পক্ষে নয়।
সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছে ব্রিকস। সীমান্তপারের সন্ত্রাসবাদ, সন্ত্রাসে অর্থায়ন এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলারও নিন্দা করা হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও বলা হয়েছে।
পাশাপাশি একতরফা শুল্ক এবং শুল্ক-বহির্ভূত বাণিজ্যিক পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে শক্তিশালী করার পক্ষে সওয়াল করা হয়েছে।
মাদক ও অস্ত্র পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত অবৈধ আর্থিক প্রবাহ বন্ধ করতেও সদস্য দেশগুলির মধ্যে আরও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে, নয়াদিল্লি ঘোষণাপত্রে কূটনীতি, নিরাপত্তা ও বাণিজ্য—তিন ক্ষেত্রেই ঐক্যের বার্তা তুলে ধরেছে ব্রিকস।







