রাজনীতি

“জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতা বন্দ্যোপাধ্যায়” — বড় ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের

বিধানসভায় এখন শূন্য বামফ্রন্ট, অথচ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে ছিলেন সিপিএম নেতা জ্যোতি বসু — টানা ২৩ বছর। তাঁর রেকর্ড আজও অক্ষত। কিন্তু কালীপুজোর রাতে সেই রেকর্ড ভাঙার ইঙ্গিত দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একেবারে ভবিষ্যদ্বাণীর সুরে তিনি ঘোষণা করেছেন, “জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভাঙবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন —
“জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগে পরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু।”

উল্লেখ্য, ১৯৭৭ সালের ২১ জুন থেকে ২০০০ সালের ৫ নভেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। অন্যদিকে, ২০১১ সালের ২০ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে ১৪ বছর হয়ে গিয়েছে তাঁর মুখ্যমন্ত্রিত্বের। জ্যোতি বসুর রেকর্ড ছুঁতে হলে মমতাকে আরও দুই দফা — অর্থাৎ ২০২৬ ও ২০৩১ সালের নির্বাচনেও জিততে হবে।

তবে কুণাল ঘোষ তাঁর পোস্টে একটি ‘যদি’ রেখেছেন। তিনি লিখেছেন —
“যদি ২০২৯ সালের বাংলা থেকে মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা।”
অর্থাৎ, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২০২৯ সালে জাতীয় রাজনীতিতে পদক্ষেপ করে প্রধানমন্ত্রী হন, তবেই হয়তো থামবে এই রেকর্ড ভাঙার দৌড়।

বিরোধীদের কটাক্ষ করে কুণাল আরও লেখেন —
“বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে।”

তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সজল ঘোষ কটাক্ষ করে বলেন, “জ্ঞানত এগুলো বলে থাকলে আমি বলব, কয়েকটা টিয়া পাখি কিনে রাজাবাজারের মোড়ে বসে যাক। তিলক কেটে নামাবলী গায়ে বসে ওর ব্যবসা ভালই চলবে।”

কুণাল অবশ্য স্পষ্ট করেছেন, “একজন তৃণমূল কর্মী ও রাজনৈতিক সচেতন নাগরিক হিসেবে আমার পর্যবেক্ষণটাই লিখেছি।”

রাজনীতি যখন কালীপুজোর রাতেও চর্চার কেন্দ্রবিন্দু — সেখানে কুণালের এই ভবিষ্যদ্বাণী রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.