ইডেন টেস্টে দুরন্ত জয়ের পর দক্ষিণ আফ্রিকা দল এখন ফুরফুরে মেজাজে গুয়াহাটিতে। প্রথম টেস্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা স্পিনার সাইমন হারমার দ্বিতীয় ম্যাচেও ভারতের জন্য বড় কাঁটা হতে চলেছেন। ইডেনে ৮ উইকেট নিয়ে যিনি ম্যাচের সেরা হয়েছিলেন, তাঁকে নিয়েই গুয়াহাটিতেও জয়ের রণনীতি সাজাচ্ছেন প্রোটিয়ারা।
গুয়াহাটি টেস্টের আগে দলের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ পিয়েট বোথা। তিনি জানিয়েছেন, হারমারের কাঁধের চোট গুরুতর নয় এবং গুয়াহাটির পিচ যদি কলকাতার মতো দ্রুত বল ঘোরানো শুরু করে, তবে হারমার ভারতের বামহাতি ব্যাটারদের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবেন। বোথা নিশ্চিত করেন যে, ভারত অধিনায়ককে চাপে রাখতে তাঁরা এই ম্যাচেও হারমার ও কেশব মহারাজ এই দুই স্পিনারকেই খেলাবেন।
তবে দলের সেরা পেসার কাগিসো রাবাডাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ইডেন টেস্টের আগে পাঁজরে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি। বোথা জানান, “রাবাডার চোটের ওপর আমাদের কড়া নজর রয়েছে। ওকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেওয়া হবে।”গুয়াহাটি যেহেতু প্রথমবার টেস্ট আয়োজন করতে চলেছে, তাই দুই দলের কাছেই এখানকার পিচ অচেনা। গুয়াহাটির উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক হয়। কিন্তু পিচে ঘাস রাখা হবে নাকি তা কাটা হবে, তার ওপরই সব নির্ভর করছে।
বোথা পিচ পরিদর্শনের পর বলেন, “সকালে আমরা উইকেট দেখেছি। হাতে আরও দু’দিন সময় থাকায় পিচের চরিত্র পাল্টে যেতে পারে। ঘাস থাকা বা না থাকার ওপরই আমাদের প্রথম একাদশ নির্ভর করবে।”ইডেনে যেভাবে ভারত হারমার ও মহারাজের সামনে খেই হারিয়েছিল, তাতে গুয়াহাটিতে ঘূর্ণি উইকেট তৈরি করতে ভারত সাহস দেখাবে কি না, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে ভারত সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে, আর দক্ষিণ আফ্রিকার সামনে রয়েছে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি।







