যুব এশিয়া কাপের সেমিফাইনালে চরম নাটকীয়তার পর সুপার ওভারে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ভারত ‘এ’ দল। বিশেষজ্ঞদের মতে, শেষ মুহূর্তে দলের সিদ্ধান্ত ভারতকে ডুবিয়েছে।নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোর সমান (ড্র) হওয়ার পর খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সবচেয়ে বিধ্বংসী ব্যাটার বৈভবকে সুপার ওভারে ব্যাট করতে না নামানোর মাশুল দিতে হয় জিতেশ শর্মাবাহিনীকে।
এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক জিতেশ শর্মা। তবে বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমান সোহন ৪৬ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ৫টি ছক্কা ছিল। এরপর মেহেরব হাসান ১৮ বলে ৪৮ রান করে বাংলাদেশের স্কোরকে ১৯৪ রানে পৌঁছে দেন। ভারতের বৈশ্যক বিজয় কুমার বা হর্ষ দুবে কারোর বলই তেমন প্রভাব ফেলতে পারেনি।
জবাবে ভারতীয় ইনিংসের শুরুটা ছিল বৈভবের হাত ধরে অত্যন্ত বিস্ফোরক। মাত্র ১৫ বলে ৩৮ রান করেন এই ১৪ বছরের তরুণ। অন্য ওপেনার প্রিয়াংশ আর্যও ২৩ বলে ৪৪ রান করে ভালো শুরু দেন। তবে এরপর নমন ধীর (৭), জিতেশ শর্মা (৩৩), রমনদীপ সিংদের (১৭) কারণে ভারতের রানের গতি কমে আসে।শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। আশুতোষ শর্মা ৬ বলে ১৩ রান করে দলকে কাছাকাছি নিয়ে যান। শেষ বলে ৪ রান দরকার থাকা অবস্থায় হর্ষ দুবের শট থেকে দুটি রানের বেশি আসত না। কিন্তু উইকেটকিপার ও অধিনায়ক আকবর আলি স্টাম্প ভাঙার ব্যর্থ চেষ্টায় আরও একটি রান ছেড়ে দেওয়ায় ম্যাচটি অলৌকিকভাবে ড্র হয়।
কিন্তু এই নাটকীয় ড্র কোনো কাজে এল না। পরপর দুই বলে আউট হন জিতেশ শর্মা এবং আশুতোষ শর্মা। সুপার ওভারে ভারত বাংলাদেশকে এক রানের লক্ষ্য দেয়। ব্যাট না করেও বাংলাদেশ মাত্র এক রানের লক্ষ্যটি তুলে নেয় সুয়শ শর্মার একটি ওয়াইড বলে। এই টুর্নামেন্টে ভারত শেষ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের কাছেই পরাজিত হয়ে বিদায় নিল।







