এক সময়ে বলিউডে যিনি পর্দায় ঝড় তুলেছিলেন, সেই ‘আশিকী’ অভিনেতা রাহুল রায় ফের একবার চর্চার কেন্দ্রে। দীর্ঘদিন পর নতুন করে শিরোনামে উঠে এলেন তিনি— তবে সিনেমার মুক্তি নয়, বরং সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে। সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ৫৯ বছরের রাহুল রায় বিহারের এক বিয়েবাড়ির মঞ্চে বসে ঠোঁট মেলাচ্ছেন তাঁরই স্মরণীয় ছবি ‘আশিকী’-র গান ‘সাঁসোঁ কি জরুরত হ্যায় জ্যায়সে’-এ। হাতে গিটার, পরনে স্যুট— যেন সময় ফিরিয়ে নিয়ে এসেছে ১৯৯০-এর সেই বাণিজ্যসফল সিনেমার দিনগুলো।
জানা গিয়েছে, রাহুল উপস্থিত ছিলেন জনপ্রিয় গণিত শিক্ষাবিদ আরকে শ্রীবাস্তবের ভাইঝির বিয়েতে। মঞ্চে বসেই গান ধরে তিনি। মুহূর্তে উচ্ছ্বসিত অতিথিদের সঙ্গে সুর মিলল দর্শকেরও। হাততালিতে গর্জে উঠল চারদিক। অনুরাগীদের সঙ্গে মঞ্চ থেকেই হাত মেলালেন অভিনেতা— ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও আলোচনায় ‘আশিকী’-খ্যাত এই তারকা।
তবে প্রশংসার পাশাপাশি দুঃখও প্রকাশ করছেন নেটাগরিকেরা। কেউ লিখেছেন, “ওঁর আরও অনেক খ্যাতি প্রাপ্য ছিল।” কেউ আবার আক্ষেপ করে বলেছেন, “এক সময়ের বলিউড স্টার, বিগ বস ১-এর বিজয়ী, আজ বিয়েবাড়িতে পারফর্ম করতে হচ্ছে!” আবার কারও মত, ববি দেওলের মতো ওটিটি প্ল্যাটফর্মে তাঁর নতুন করে উত্থানও হতে পারত। কেউ আরও লিখেছেন— “ঈশ্বর কাউকে এমন দিন না দেখান।”
উল্লেখ্য, ২০২০ সালে লাদাখে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল রায়। সেদিন থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন পড়ে। সেই সময় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে দেড় মাস আইসিইউতে তাঁকে রাখতে হয়। জানা যায়, বিপুল চিকিৎসার খরচ বহন করেছিলেন অভিনেতা সলমন খান নিজে।
আজও তাই যখন ‘আশিকী’-র সেই নায়ককে অন্য মঞ্চে মানুষদের আনন্দ দিতে দেখা যাচ্ছে, নস্ট্যালজিয়া ও আবেগে ভরিয়ে দিচ্ছে দর্শকদের মন। নতুন বিতর্ক নয়— বরং ওঠানামা ভরা অভিনয়জীবনের বাস্তব ছবি নিয়েই আলোচনায় রাহুল রায়।
বলিউডের এক সময়ের পোস্টারবয়— আজ ভাইরাল ভিডিওর কেন্দ্রে।







