২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে আজ দুপুর থেকেই উত্তজনা তুঙ্গে ছিল। মুম্বইয়ের বিসিসিআই সদর দফতরে নির্বাচকদের দীর্ঘ বৈঠকের পর অবশেষে চূড়ান্ত স্কোয়াড সামনে এল। দল থেকে বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে। শুধু দল থেকেই নয়, তাঁর সহ-অধিনায়কত্বের পদও কেড়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় সূর্যকুমার যাদবের ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
টি-টোয়েন্টি ফরম্যাটে গিলের ফর্ম বেশ কিছুদিন ধরেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওপেনিং করতে নেমে গত ১৫টি ম্যাচে তাঁর গড় ছিল মাত্র ২৪-এর ঘরে, আর স্ট্রাইক রেটও ছিল তথৈবচ। এমনকি একটি হাফ-সেঞ্চুরিও তাঁর ব্যাটে আসেনি। ম্যানেজমেন্ট হয়তো লম্বা দৌড়ের ঘোড়া হিসেবে তাঁকে তৈরি করতে চেয়েছিল, কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে অফ-ফর্মে থাকা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইল না বোর্ড। সঞ্জু স্যামসন গত ম্যাচে ওপেন করতে নেমে ২২ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তাঁর দুর্দান্ত ফর্মের কারণে জিতেশ শর্মাকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। টিম ম্যানেজমেন্ট চাইছে টপ অর্ডারে একজন উইকেটকিপার ব্যাটারকে খেলাতে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ঈশান কিষাণকে আবারও বিশ্বকাপ স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয় কিপার হিসেবে ঈশান এবং ফিনিশার হিসেবে রিঙ্কু সিংয়ের থাকাটা দলের ভারসাম্য অনেকটা বাড়িয়ে দিয়েছে।
দল ঘোষণার পর অধিনায়ক সূর্যকুমার যাদব সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “স্কোয়াডটা বেশ ব্যালেন্সড হয়েছে। ঘরের মাঠের দর্শকদের সামনে বিশ্বসেরা হওয়ার লড়াইটা একটা বড় চ্যালেঞ্জ, তবে আমরা তৈরি।” অন্যদিকে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিরা মনে করছেন, সূর্যকুমারের ব্যাটে রান না আসাটা নিছকই ‘ব্যাড লাক’। তাঁর মতে, ব্যাটে ঠিকমতো বল লাগলেও ভাগ্যের ফেরে তিনি আউট হয়ে যাচ্ছেন। বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন বাকি। এই পরিস্থিতিতে জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে, যাতে বিশ্বকাপের আগে তিনি সতেজ থাকেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জসপ্রীত বুমরাহ, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর ও ঈশান কিষাণ।







