খেলাধুলা

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, শাহবাজকে চিঠি ২১ প্রাক্তন ক্রিকেট অধিনায়কের

রাজনীতির ময়দানে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ক্রিকেটের মাঠে তৈরি হওয়া সৌহার্দ্য যে রাজনৈতিক সীমানার ঊর্ধ্বে, তা ফের প্রমাণ করলেন বিশ্ব ক্রিকেটের একঝাঁক কিংবদন্তি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের জেলবন্দি জীবন ও শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে খোলা চিঠি দিলেন ২১ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক।

এই চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক সুনীল গাভাসকর ও কপিল দেব, পাশাপাশি রয়েছেন দিলীপ বেঙ্গসরকার। তাঁদের সঙ্গে চিঠিতে সামিল হয়েছেন অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, মাইকেল আথারটন, অ্যালস্টেয়ার কুক, ক্লাইভ লয়েড এবং অর্জুনা রণতুঙ্গার মতো প্রাক্তন তারকারাও। প্রায় ছয় মাস আগে ১৪ জন প্রাক্তন অধিনায়ক ইমরানের হয়ে আবেদন জানিয়েছিলেন। এবার সেই তালিকায় আরও সাতজন যোগ হলেন।

৭৩ বছর বয়সি ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন ডঃ উজমা খানের উপস্থিতিতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশও দেওয়া হয়েছিল। প্রাক্তন অধিনায়কদের অভিযোগ, আদালতের সেই নির্দেশ যথাযথভাবে কার্যকর করা হয়নি।

তাঁদের দাবি, ইমরানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে নিয়ে গিয়ে সরকারি চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানোর পর ফের জেলে পাঠানো হয়। তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো গুরুতর শারীরিক সমস্যা রয়েছে বলেও অভিযোগ উঠেছে। অথচ প্রয়োজনীয় চিকিৎসা এখনও পুরোপুরি করা হয়নি বলে দাবি চিঠিতে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে প্রাক্তন অধিনায়কেরা অবশ্য স্পষ্ট করেছেন, তাঁদের এই উদ্যোগের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করাও তাঁদের লক্ষ্য নয়। ক্রিকেটের মাঠে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার জায়গা থেকেই তাঁরা এই আবেদন জানিয়েছেন।

চিঠিতে পাকিস্তান সরকারের কাছে মূলত তিনটি দাবি জানানো হয়েছে। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরানের নিজস্ব চিকিৎসকদের উপস্থিতিতে একটি স্বাধীন মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে কোনও প্রশাসনিক বাধা রাখা যাবে না। তৃতীয়ত, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত ইমরানের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এভাবেই দেশ-রাজনীতির সীমানা পেরিয়ে একজোট হলেন বিশ্বের প্রাক্তন ক্রিকেট অধিনায়কেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.