রাজ্য

এসআইআর–সিএএ নিয়ে মতুয়াদের সংশয়, এক লক্ষ ভোট না পড়লেও মেনে নেওয়ার বার্তা শান্তনু ঠাকুরের

এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) ও সিএএ (নাগরিকত্ব সংশোধনী আইন) নিয়ে মতুয়া সমাজের মধ্যে উদ্বেগ ক্রমেই বাড়ছে। নাগরিকত্ব মিলবে কি না, কবে মিলবে—এই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও না পাওয়ায় আতঙ্কে রয়েছেন বহু মানুষ। তার উপর এসআইআর শেষ হওয়ার আগেই যদি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে, তাহলে কী হবে—এই আশঙ্কাও দানা বাঁধছে।
এই পরিস্থিতিতেই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গাড়াপোতাতে এক প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে যদি মতুয়া সম্প্রদায়ের এক লক্ষ মানুষ ভোট দিতে না-ও পারেন, সেটাও মেনে নিতে হবে।
শান্তনু ঠাকুরের কথায়, “ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করতেই হবে। এসআইআর যদি মানতে হয়, মানব না কেন? ৫০ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি ও পাকিস্তানি মুসলমানকে বাদ দিতে গিয়ে যদি আমার সম্প্রদায়ের এক লক্ষ মানুষ ভোট দিতে না পারেন, তাতে কী আসে যায়!” তাঁর দাবি, এসআইআর-এর সঙ্গে নাগরিকত্বের কোনও সম্পর্ক নেই এবং মতুয়াদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।
একই সঙ্গে তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষকে দ্রুত সিএএ-তে আবেদন করার আহ্বান জানান। শান্তনু বলেন, “যত শীঘ্র সম্ভব সিএএ-তে আবেদন করুন। এতে রোহিঙ্গাদের চিহ্নিত করতে সুবিধা হবে।”
তবে নাগরিকত্ব পাওয়ার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কী হবে—এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী।
এদিকে শান্তনু ঠাকুরের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ জেলা তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, “সিএএ-তে আবেদন মানেই শান্তনু ঠাকুর আর্থিকভাবে লাভবান হবেন। সেই কারণেই তিনি বারবার আবেদন করতে বলছেন।” তাঁর আরও মন্তব্য, “এগুলো পাগলের প্রলাপ। পশ্চিমবঙ্গে কোনও রোহিঙ্গা নেই।”
এসআইআর ও সিএএ ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে মতুয়া সমাজের উদ্বেগ যে কাটেনি, তা স্পষ্ট রাজনৈতিক তরজার মাঝেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.