প্রথমে ফুল দিয়ে অভিনন্দন , তারপর কেক খাওয়াখাই , এই পুরো দৃশ্যই থানার ভিতরের ! থানায় , ওসির জন্মদিন পালন করা হলো । উদ্যোগে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ইতিমধ্যেই সমাজ মাধ্যমেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কোচবিহারের শীতলকুচির এই ঘটনায় রীতিমতো পারদ চড়েছে রাজনৈতিক মহলে ।
শীতলকুচি থানায় ওসির জন্মদিন পালনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপিই। ভিডিওতে দেখা যায় , ওসির চেম্বারে কেট কেটেই পালন হয় জন্মদিন । তৃণমূলের অঞ্চল সভাপতিও উপস্থিত ছিলেন থানায় । আনন্দে তৃণমূল নেতাদের জড়িয়েও ধরেন ওসি ।
ওসির জন্মদিন পালন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । পদ্ম শিবিরের নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, “আমরা অনেকদিন থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস আর পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার। আজকে সারা রাজ্যে যা দেখা যাচ্ছে, তার থেকে কোচবিহার ব্যতিক্রম নয়। পুলিশ দিয়েই রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। আর পুলিশই তৃণমূল কংগ্রেসের ক্যাডারের ভূমিকা পালন করছে। বারংবার সেটা প্রমাণিত। শীতলকুচির ঘটনাতেও সেটা আমরা দেখলাম। এগুলো সুস্থ সমাজে, গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। তৃণমূল প্রশাসনকে যে পরিস্থিতিতে নিয়ে গিয়েছে, ছাব্বিশে বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করে সেটা দেখিয়ে দেবে।”







