মাসখানেক আগে মঞ্চে দাঁড়িয়ে ব্যাঙ্গাত্মক সুরে গেয়ে উঠেছিলেন— “আমাদের কাছে কাগজ আছে/ ভাই, এসআইআর কী বলছে?/ ঝাড়াই-বাছাই চলছে…।” সেই গানেই প্রশাসনিক প্রক্রিয়ার খোঁচা ছিল স্পষ্ট। কিন্তু সময়ের কী বিচিত্র পরিহাস— সেই ‘কাগজ দেখাবই’ বিদ্রুপই এবার বাস্তবের ডাক হয়ে এল অভিনেতা-গায়ক-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের কাছে। SIR শুনানিতে সশরীরে হাজির হতে বলা হয়েছে তাঁকে।
রাজ্যজুড়ে SIR-এর পয়লা পর্বের কাজ শেষ হতেই ‘ঝাড়াই-বাছাই’-এর তালিকায় উঠে এসেছে অনির্বাণের নাম। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এনিউমারেশন ফর্মে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সরাসরি যোগসূত্র দেখাতে পারেননি তিনি। ওই সময়ের তালিকায় অনির্বাণের বাবা-মা কিংবা ঠাকুরদা-ঠাকুমার নাম পাওয়া যায়নি। যদিও ২০২৫ সালের ভোটার তালিকায় অনির্বাণের মা-বাবার নাম রয়েছে। চলতি বছরের জুলাইয়ে পিতৃবিয়োগ হওয়ায় পারিবারিক নথিপত্র সামলানোর দায়িত্ব বর্তমানে পরিবারের উপরই রয়েছে।
মেদিনীপুরের শরৎপল্লীতে জন্ম অনির্বাণ ভট্টাচার্যের। কর্মসূত্রে দীর্ঘদিন কলকাতায় থাকলেও মেদিনীপুরের ভোটার তালিকায় এখনও তাঁর নাম রয়েছে— ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথে। পরিবারের তরফে বিষয়টি দেখছেন অভিনেতার জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য, যিনি এখনও মেদিনীপুরের বাসিন্দা। তিনি জানিয়েছেন, ২০০২ সালে কেন তাঁর ভাই প্রদ্যুৎ ভট্টাচার্যের নাম ভোটার তালিকায় ওঠেনি, তা তাঁর অজানা। দাদু-ঠাকুমা প্রয়াত হওয়ায় তাঁদের নামও পুরনো তালিকা থেকে বাদ পড়েছে।
তবে অনির্বাণের কাছে পাসপোর্ট-সহ একাধিক বৈধ নথি রয়েছে। বিএলও’র সঙ্গে কথাবার্তাও হয়েছে। কমিশন যে নথি চাইবে, সেগুলি দেখানো হবে বলেই পরিবারের তরফে জানানো হয়েছে। নিজেও অনির্বাণ স্পষ্ট করেছেন— ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে, শুনানিতে ডাক পেলে যথাযথ কাগজপত্র নিয়েই তিনি হাজির হবেন। বিদ্রুপের গান থেকে প্রশাসনিক শুনানি— অনির্বাণের ক্ষেত্রে যেন শিল্প আর বাস্তব এক জায়গায় এসে দাঁড়াল।







