ভারত-পাকিস্তান দ্বন্দ্ব কেবল সীমান্তে নয়, তার আঁচ এসে পড়ছে ক্রীড়াক্ষেত্রেও। আর তার সাম্প্রতিক নজির দেখা গেল ওমানে চলতে থাকা এশিয়ান বিচ হ্যান্ডবল প্রতিযোগিতায়। রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতীয় দল বাধ্য হয়ে মাঠে নামল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ০-২ ব্যবধানে হেরে ফিরতে হল ভারতকে।
এই ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে উঠেছিল আগেই। ভারত প্রথমে স্পষ্ট জানায়, তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। কিন্তু এশিয়ান হ্যান্ডবল সংস্থার হুঁশিয়ারি—খেলতে না চাইলে হতে পারে নির্বাসন, দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তাই না খেলেই উপায় ছিল না ভারতের। এমনকি প্রতিবাদের প্রতীক হিসাবে কালো আর্মব্যান্ড পরার ইচ্ছেও বাদ দিতে বাধ্য হয় ভারতীয় শিবির। কারণ আয়োজকরা জানিয়ে দেয়, তেমনটা করলে টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়া হবে দলকে।
ভারতীয় হ্যান্ডবল সংস্থার এগজ়িকিউটিভ ডিরেক্টর আনন্দেশ্বর পাণ্ডে জানালেন, “আন্তর্জাতিক সংস্থার নিয়ম অনুযায়ী খেলতে বাধ্য হয়েছি। না খেললে সাড়ে ৮ লক্ষ টাকা জরিমানা এবং দু’বছরের জন্য নির্বাসনের মুখে পড়তে হতো।” তাঁর দাবি, খেলার আগে অলিম্পিক্স সংস্থা ও ক্রীড়া মন্ত্রককে লিখিতভাবে জানানো হলেও কোনও উত্তর মেলেনি। ফলে সিদ্ধান্ত নিতে হয়েছে নিজেদের মত করেই।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে—জাতীয় স্বার্থ বনাম ক্রীড়া নীতির সংঘাতে কে জিতল? মাঠে হেরে ফিরলেও, দেশের মান রক্ষায় কূটনৈতিক চাপে পড়েও শেষ পর্যন্ত খেলেছে ভারত। এই ঘটনায় সরকারের ভূমিকা, অলিম্পিক্স সংস্থার নির্লিপ্ততা এবং ক্রীড়াজগতের স্বাধীনতা নিয়ে ফের একবার বিতর্কের ঝড় উঠেছে।







