বছর শেষ দিনে , দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে অভিযানে অভিষেক বন্দ্যোপাধ্যায় । এই অভিযানের পর রীতিমতো বোমা ফাটান তিনি । তার কথা ইভিএমে নয় , ভোট চুরি হচ্ছে ভোটার তালিকায় । আর তৃণমূল সেই কারচুপি পাকড়াও করে ফেলেছে । একই সঙ্গে , নাম না করে রাহুল গান্ধীর ওপরেও আক্রমণ শানান অভিষেক । তিনি বলেন লড়তে হবে রাস্তায় নেমে।
উল্লেখ্য , ১৯ এর নির্বাচনে হারের পর থেকেই বিরোধী শিবির গুলি বারবারই ইভিএমকে নিশানা করে আসছে। এতদিন রাহুল গান্ধীর দলও অভিযোগ তুলেছে , ইভিএমে কারচুপির জেরেই বড় ব্যবধানে ভোটে জয়ী হচ্ছে বিজেপি । আর বুধবার নির্বাচন কমিশনের দপ্তরে অভিযানের পর , সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বোমা ফাটান অভিষেক । অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , “উপরতলার নির্দেশে ভোটচুরি করছে নির্বাচন কমিশন। কিন্তু কারচুপি ইভিএমে হচ্ছে না। ইভিএম তো পরীক্ষা করা যায়। আসল কারচুপি হচ্ছে ভোটার তালিকায়। সেই কারচুপি তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে।”
অভিষেক আরো বলেন , “মহারাষ্ট্রের মানুষ, হরিয়ানার মানুষ বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তাঁদের সুযোগ দেওয়া হল না।” তারপরেই নাম না করে , রাহুল গান্ধী কে নিশানা অভিষেকের । বলেন, “শুধু সোশাল মিডিয়ায় বসে রাজনীতির জ্ঞান দিলে হবে না। চুরি হয়েছে, চুরি হয়েছে বলে অভিযোগ করলে হবে না। মাঠে নেমে সেই চুরি ধরতে হবে। মাঝে মাঝে ২ ঘণ্টা ধরে জ্ঞান দিলে হবে না। মহারাষ্ট্রে, হরিয়ানায় কংগ্রেস সেটা পারেনি। এনসিপি পওয়ার যেটা পারেনি। সেটা তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে।”
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিযোগ, ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’র নামে নির্বাচন কমিশন আলাদা করে সন্দেহভাজন ভোটারদের তালিকা তৈরি করেছে। নির্বাচন কমিশন , এই সন্দেহভাজনদের তালিকাকে হাতিয়ার করেই নাকি ভোট চুরি করতে চাইছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, “এই সন্দেহভাজনদের তালিকা কোথা থেকে এল? আগেও SIR হয়েছে। তাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আগের SIR-এ এই সন্দেহভাজনদের তালিকা ছিল না।” অভিষেকের দাবি, ইভিএম নয় আসলে ভোটার লিস্টেই কারচুপি করছে বিজেপি।







