দেশবিশ্ব

দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর, মহাসাগরে সুনীতাদের স্বাগত জানাল ডলফিনরা

অবশেষে প্রতীক্ষা, উদ্বেগের শেষ। মহাকাশ থেকে ঘরে ফিরলেন সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর। ফিরলেন NASA-র আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার অলেকজান্ডার গরবুনভও। গত বছর জুন মাসে আট দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তাঁরা। তার পর কম করে সাড়ে ন’মাস কেটে যায়। এতদিনে ঘরে ফিরলেন।
সাধারণত ৩ থেকে ৩.৫ ঘণ্টার মধ্যেই মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছনো যায়। কিন্তু সুনীতাদের ক্ষেত্রে কোনও ঝুঁকি নেয়নি SpaceX-এর Crew-9 মহাকাশযান। ধাপে ধাপে এগোয় অভিযান। প্রথমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে নামে। তার পর ক্যাপসুল ও প্ল্যাটফর্ম আলাদা হয়। এর পর বায়ুমণ্ডলে প্রবেশ ঘটে।
সটান মহাসাগরে অবতরণ করানো হয়নি ক্যাপসুলটিকে। বরং প্যারাশুটে বেঁধে নিয়ন্ত্রিত ভাবে নামিয়ে আনা হয় নীল মহাসাগরের বুকে। সরাসরি সম্প্রচার হওয়ায় সেই অভিনব মুহূর্তের সাক্ষী হয় গোটা বিশ্ব। নীল জলে তখন চারিদিক থেকে ডলফিনের দল ঘিরে ধরেছে সুনীতাদের।
আগে থেকেই সেখানে মোতায়েন ছিল SpaceX-এর একটি জাহাজ এবং কর্মীরা। দড়িতে বেঁধে প্রথমে ক্যাপসুলটিকে জাহাজে তোলা হয়। এর পর একে একে বের করে আনা হয় সকলকে।
গোটা বিশ্বের নজর সেই সময় ক্যাপসুলটির দরজার দিকে। তাঁদের স্বস্তি দিয়ে পিছলে বেরিয়ে আসেন সুনীতা, ব্যারি, নিক এবং অলেকজান্ডার।
দীর্ঘ সময় মহাকাশে কাটানোয় তাঁদের কারও নিজে থেকে উঠে দাঁড়ানো বা হাঁটার শক্তি ছিল না। এক এক করে চার মহাকাশচারীকে ধরে স্ট্রেচারে তোলা হয়।
হাসিমুখেই তাঁরা সকলকে অভিবাদন জানান। অনুরাগীদের উদ্দেশে থামসআপও দেখান সুনীতা।
তবে পৃথিবীতে ফিরলেও এখনই ঘরে ফেরা হবে না সুনীতাদের। বেশ কয়েক দিন কোয়ারান্টিনে থাকতে হবে তাঁদের।মহাকাশ থেকে অচেনা সংক্রমণ বয়ে আনার ঝুঁকি রয়েছে। সেই জন্যই প্রথমে নিভৃতবাসে রাখা হয় মহাকাশচারীদের। সেখানে ডাক্তারি পরীক্ষা হয়। সব দিক থেকে নিশ্চিন্ত হয়ে তবেই বাড়ি ফিরতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.