ভারতের হয়ে বিশ্বকাপ মাতিয়েছেন, বিপক্ষ ব্যাটারদের স্টাম্প ছিটকে দিয়েছেন বহুবার। অথচ সেই তারকা পেসার মহম্মদ শামির নাগরিকত্ব বা ভোটাধিকার নিয়েই এবার প্রশ্ন উঠে গেল! অবাক করার মতো বিষয় হলেও সত্যি যে, শামি আদৌ ভারতের বৈধ ভোটার কি না, তা যাচাই করতে তাঁকে সরাসরি শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। আর এই তলব এমন এক সময়ে এল, যখন শামি বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে ভিন রাজ্যে রয়েছেন।
বর্তমানে কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় শামির নাম রয়েছে। নিয়মমাফিক তথ্য যাচাই বা ‘এসআইআর’ শুনানির জন্য সোমবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু মুশকিল হলো, শামি এখন রাজকোটে। বাংলার হয়ে মাঠে নামতে হচ্ছে তাঁকে, আর আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তিনি সেখানেই আটকে থাকবেন। ফলে কমিশনের ডাকে সোমবার সশরীরে উপস্থিত থাকা তাঁর পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।
শামির পরিবার সূত্রে জানানো হয়েছে, খেলার ব্যস্ততা কাটিয়ে আগামী ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে তিনি শুনানিতে যেতে পারেন। তবে যদি বাংলা দল টুর্নামেন্টের পরের পর্বে উঠে যায়, তবে ১২ জানুয়ারি থেকেই তাঁকে ফের দলের সঙ্গে যোগ দিতে হবে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস এই ঘটনায় শামির পাশেই দাঁড়িয়েছেন। তিনি জানিয়েছেন, শামি যখন রাজ্যের হয়ে লড়তে বাইরে গিয়েছেন, তখন প্রশাসনিক কাজে তাঁকে সবরকম সহযোগিতা করাই তাঁদের লক্ষ্য। উল্লেখ্য, ইদানীং নাগরিকত্ব বা ভোটার তালিকা সংক্রান্ত এই স্ক্রুটিনি নিয়ে শহরজুড়ে বেশ শোরগোল চলছে। কবি জয় গোস্বামী থেকে শুরু করে অভিনেতা দেব কিংবা অনির্বাণ ভট্টাচার্য কাউকেই বাদ দিচ্ছে না কমিশন। সাধারণ মানুষের ভোগান্তি তো আছেই, এবার সেই তালিকায় যুক্ত হলো শামির নামও। বিশ্বখ্যাত এই ক্রিকেটার শেষ পর্যন্ত কবে কমিশনের দপ্তরে গিয়ে নিজের ভোটার পরিচয় নিশ্চিত করেন, এখন সেটাই দেখার।







