আদালতে জোর ধাক্কা খেল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব সহ তার গোটা পরিবার । প্রাক্তন মুখ্যমন্ত্রীর গোটা পরিবারকেই দুর্নীতির আস্তানা বলেছে দিল্লি আদালত । জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার মামলায় লালুপ্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী, তেজপ্রতাপ যাদব, মিসা ভারতী সহ মোট ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। তিনি রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলের চাকরি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে।
এই দুর্নীতির মামলায় এবার লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে সিবিআই । কেন্দ্রীয় তদন্ত সংস্থার গঠন করা চার্জশিট গ্রহণ করেছে আদালত। সেই চার্জশিট দেখে বিচারক বিশাল গোঙ্গে বললেন, সিবিআইয়ের পেশ করা চার্জশিট দেখে বোঝা যাচ্ছে লালুপ্রসাদ যাদবের পুরো পরিবারটেই দূর্নীতি করেছে। তার গোটা পরিবারকে ‘ দুর্নীতির প্রতিষ্ঠান ‘ হিসেবে মন্তব্য করেছে আদালত। এই মামলায় ৯৮ জনের মধ্যে ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছে আদালত।
তবে ঠিক কী অভিযোগে চার্জশিট গঠন করা হয়েছে বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? জানা গিয়েছে , ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে লালু প্রসাদ বিহারের রেলমন্ত্রী থাকাকালীন গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয় রেলের নানা ক্ষেত্রে। সেই চাকরির পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিবারকে জমি দিতে হতো। এই অভিযোগে মামলা দায়ের করে সিবিআই। এরপর এই মামলায় আর্থিক তছরুপের অভিযোগ আসতেই তদন্তে যুক্ত হয় ইডি। তদন্ত করে এক কোটি নগদ টাকা উদ্ধার করা হয়। এরপর দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয় । এবার সিবিআইয়ের মামলায় চার্জ গঠন করল আদালত।







