আজ রবিবার, ২১ সেপ্টেম্বর সন্ধে ৫টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সূত্রেই মিলেছে এমন খবর। তবে ঠিক কী নিয়ে কথা বলবেন তিনি, তা এখনও গোপন। এ কারণে দেশজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা।
এই সময়টা আবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আগামীকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে জিএসটির নতুন কর স্ল্যাব। অন্যদিকে, আমেরিকার নতুন এইচ-১বি ভিসা নীতি নিয়ে ভারতের আইটি খাতে তৈরি হয়েছে অনিশ্চয়তার বাতাবরণ। ফলে প্রধানমন্ত্রীর ভাষণে এই দুটি বড় ইস্যুতে নতুন কিছু ঘোষণা আসতে পারে বলেই মনে করছেন অনেকে।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে জাতির উদ্দেশে ভাষণের সম্পর্ক নতুন নয়। এর আগেও একাধিক ঐতিহাসিক ঘোষণার সাক্ষী থেকেছে দেশ। ২০১৬ সালের ৮ নভেম্বর তিনি নোটবন্দির কথা জানান, যখন এক ঝটকায় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। ২০১৯ সালের ১২ মার্চ তাঁর ভাষণেই প্রথম জানা যায় বালাকোট এয়ারস্ট্রাইকের খবর, যা ছিল পুলওয়ামা হামলার জবাব। ২০২০ সালের মার্চে কোভিড মহামারির সময় তিনি ভাষণ দিয়েই ঘোষণা করেন প্রথম লকডাউন। পরবর্তী মাসগুলোতে লকডাউনের মেয়াদ বাড়ানো থেকে শুরু করে শিথিল করার সব খবরই এসেছে তাঁর মুখে।
২০২৫ সালের ১২ মে আবারও ইতিহাস রচনা হয়। সেদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানান অপারেশন সিঁদুরের সাফল্যের কথা—যেখানে ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে ঢুকে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয়।
এবার ২১ সেপ্টেম্বরের বিকেল ৫টা ঘিরে দেশ আবার তাকিয়ে। প্রশ্ন একটাই— আজকের ভাষণ কি অতীতের মতোই কোনও বড় সিদ্ধান্তের ইঙ্গিত বহন করছে?







