বরোদার নবনির্মিত কোটাম্বি স্টেডিয়ামে রবিবারের দিনটি ছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এক অনন্য মুহূর্ত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচ চলাকালীন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হলো ভারতীয় ক্রিকেটের দুই জীবন্ত কিংবদন্তি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। দুই তারকার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁদের দীর্ঘ কেরিয়ারের অনবদ্য অবদানকে কুর্নিশ জানালো বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ম্যাচের প্রথম ইনিংস অর্থাৎ নিউজিল্যান্ডের ব্যাটিং শেষ হওয়ার পর মাঠের একপাশে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ এবং বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারীরা। পুরো অনুষ্ঠানটিতে ছিল সৃজনশীলতার ছোঁয়া। মাঠের মধ্যে রাখা হয়েছিল বিশাল একটি ক্রিকেট ব্যাটের আদলে তৈরি বাক্স, যার দুই পাল্লার একটিতে ছিল বিরাটের ছবি এবং অন্যটিতে রোহিতের। ঢাকঢোল পিটিয়ে যখন সেই পাল্লা খোলা হলো, দেখা গেল হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন খোদ রোহিত আর বিরাট। বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দু’জনকে মঞ্চে নিয়ে আসেন। সেখানে তাঁরা নিজেদের প্রতিকৃতির ওপর সই করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন এই দুই মহাতারকা। এখন তাঁরা নীল জার্সি গায়ে কেবল একদিনের ফরম্যাটেই দেশের হয়ে খেলেন। কোটাম্বি স্টেডিয়ামে এটিই ছিল প্রথম পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ, আর সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই বরণ করে নেওয়া হলো ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভকে।
ঘরের মাঠের দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক হাততালিতে ভরিয়ে দেন তাঁদের প্রিয় ‘রো-কো’ জুটিকে। দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেটকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্য এদিন মাঠের মধ্যেই এক টুকরো উৎসবের আমেজ তৈরি হয়েছিল।







