অনুপম জানা: গত ১১ জানুয়ারি গাজীপুর কিসমত নার্সারি স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী সমাপনী উৎসব উদযাপিত হল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী যতীন্দ্রনাথ মিশ্র।
অনুষ্ঠানের সূচনালগ্নেই ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তনী এবং এলাকার বিদগ্ধ মানুষদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি করে। এরপর আয়োজিত প্রাক্তনী সম্মেলনে রজত জয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক পত্রিকা ‘কোরক’-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি স্কুলের প্রাক্তনীদের সম্মাননা প্রদান করা হয়।
মধ্যাহ্নভোজনের পর অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যাপক মৃণালকান্তি দাস, বিশিষ্ট সমাজসেবী সদানন্দ দাস ও তপন দাস, দাঁতন–১ পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, পঞ্চায়েত সদস্য তরুণ দাশ, শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ দাস, গাজীপুর কিসমত জুনিয়র হাইস্কুলের সহ-শিক্ষক ও আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানা এবং সহ-শিক্ষক কার্তিক মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন দাঁতন ভট্টর কলেজের অধ্যাপক লক্ষীন্দ্র দাস, শরশঙ্কা এসএসকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কানাই লাল পাত্র, জেনকাপুর হাই স্কুলের সহ-শিক্ষক ঝন্টু দাস, মেনকাপুর উমাপ্রসাদ স্কুলের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পুরো অনুষ্ঠান জুড়ে এলাকাবাসী ও অভিভাবক-অভিভাবিকাদের সক্রিয় সহযোগিতা এবং প্রাক্তনীদের আন্তরিক অংশগ্রহণ উৎসবকে এক অনন্য মাত্রা দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাশ জানান, অল্পসংখ্যক ছাত্রছাত্রী নিয়ে চলা এই বেসরকারি বিদ্যালয় চরম আর্থিক ও পরিকাঠামোগত সমস্যার মধ্যেও টানা ২৫ বছর ধরে যেভাবে শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছে, তা সত্যিই আশাতীত। আগামী দিনেও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।







