নোবেলজয়ী অমর্ত্য সেনের বক্তব্য তুলে তাকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি মন্তব্য করেছিলেন , “অযথা তাড়াহুড়ো” করা হচ্ছে। সেই জন্য সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়া সমস্যার মধ্যে পড়তে পারে। সেই বক্তব্য ঘিরে অমর্ত্য সেনকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
এই প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, “সতর্ক হয়ে যত্ন সহকারে সময় নিয়ে ভোটার তালিকার সংশোধন হওয়াই ভাল গণতান্ত্রিক প্রক্রিয়া হয়ে উঠতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে না।” তিনি আরো বলেন, “খুব তাড়াহুড়ো করে এসআইআর করা হচ্ছে। মানুষকে নিজেকে ভোটার প্রমাণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। এমনটা হলে তা ভোটারদের প্রতি অন্যায় হবে এবং ভারতীয় গণতন্ত্রের প্রতিও।”
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অমর্ত্য সেনের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন , “পশ্চিমবঙ্গে একটা শিক্ষিত যুবককে উনি কর্মসংস্থান করে দিয়েছেন, কোনও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, এমন কোনও উদাহরণ নেই। বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলার মানুষের প্রতি যার কোনও কনট্রিবিউশন নেই, তাঁদের এসব কথা উত্তর দেওয়া হবে না।”
শুভেন্দুর এই বক্তব্যের বিরুদ্ধে সবর হয়েছে রাজ্যের শাসকদল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দুকে আক্রমণ করেছে ঘাসফুল শিবির। শুভেন্দুর মন্তব্য ‘ নাক্কারজনক ‘ বলেও তোপ দেগেছে তৃণমূল। প্রসঙ্গত, সম্প্রতি এসআইআরের শুনানি পর্বে ডাকা হয়েছিল নোবেলজয়ী অমর্ত্য সেনকে। তিনি বিদেশে থাকায় সশরীরে শুনানিকেন্দ্রে উপস্থিত থাকতে পারেননি অমর্ত্য সেন। তার এক আত্মীয় বোলপুরের শুনানিতে হাজির ছিলেন।







